নিউরো সার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন। আগামী ২৪ মার্চ থেকে তিন বছরের জন্য ভিসির দায়িত্ব পালন করবেন তিনি।
দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান ও সার্জারি বিভাগের ডিনের দায়িত্ব পালন করা অধ্যাপক কনক কান্তি বড়ুয়া অধ্যাপক কামরুল হাসান খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। কামরুল হাসান খানের মেয়াদ শেষ হবে ২৩ মার্চ।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবারই তাকে নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়েছে বলে জানান ডা. কনক কান্তি।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এ্যান্ড সার্জন্স (বিসিপিএস) এর সভাপতি কনক কান্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৯৭৭ সালে এমবিবিএস পাশ করেন।
তিনি বাংলাদেশ মেডিকেলে অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রথম সহ-সভাপতির দায়িত্বও পালন করছেন।








