কক্সবাজারের উখিয়া উপজেলায় বাঁশ বোঝাই ট্রাক উল্টে একটি সিএনজি অটোরিক্সা, দুটি ব্যাটারি চালিত টমটম ও একটি সিএনজিকে চাপা দেয়ার ঘটনায় শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
সোমবার সকাল ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালী ট্রানজিট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান। তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে টেকনাফ মুখি একটি বাঁশ বোঝাই ট্রাক ট্রানজিট এলাকায় ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এসময় রাস্তায় চলাচলরত কয়েকটি যানবাহন তার নিচে চাপা পড়ে। এরমধ্যে একটি সিএনজি অটোরিক্সা ও দুটি ব্যাটারি চালিত টমটম ও সিএনজির ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
তিনি আরও বলেন, এঘটনায় আরও আনুমানিক ১০ জন যাত্রী আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আছে আহতদের কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের এখনো নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম আজাদ মুঠোফোনে জানান, নিহতদের মধ্যে প্রাথমিকভাবে একজন এনজিও কর্মীর পরিচয় পাওয়া গেছে। তার নাম রোজিনা আক্তার। তিনি এনজিও সংস্থা ‘মুক্তি’তে কর্মরত ছিলেন।






