ইলেকট্রনিক জায়ান্ট এলজি’র নতুন প্রিমিয়াম-মূল্যের কম্পিউটার ডিসপ্লেগুলোর অদ্ভুত যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছে কোম্পানি নিজেই। মনিটরগুলোকে ওয়াইফাই রাউটারের কাছে রাখলেই সেগুলোর পারফরম্যান্স খারাপ হয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
এলজি আল্ট্রাফাইন ৫কে মডেলের মনিটরগুলোর একেকটির দাম ৯শ’ ব্রিটিশ পাউন্ডের কাছাকাছি, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৯ হাজার টাকা। এটিকে ম্যাক ডিভাইসের এক্সটার্নাল ডিসপ্লে হিসেবেও ব্যবহার করা যাবে বলে প্রচারণা চালানো হয়েছে।
কিন্তু এত দাম দিয়ে কেনা জিনিসটি ব্যবহার করতে গিয়ে ক্রেতারা টের পান এর আসল সমস্যা। ওয়াইফাই রাউটারের ধারেকাছে থাকলেই মনিটরটির ডিসপ্লে লাফায়, মিটমিট করে, এমনকি কখনো বন্ধই হয়ে যায়। ব্যবহারকারীদের অনেকেই অ্যাপলের ওয়েবসাইটে এর সম্পর্কে নেতিবাচক রিভিউ পোস্ট করেন।
সমস্যাটি সামনে আসার পর অবশেষে এলজি নিজেই স্বীকার করে ডিসপ্লের ত্রুটির কথাটি। ক্রেতাদের ‘অসুবিধা’র জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছে প্রতিষ্ঠানটি। আপাতত সমাধান হিসেবে মনিটরগুলোর স্থান বদলে রাউটার থেকে দূরে রাখার পরামর্শ দেয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ২০১৭’র ফেব্রুয়ারি থেকে আল্ট্রাফাইন ৫কে মডেলের যে মনিটরগুলো তৈরি হচ্ছে সেগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের বাধা রোধের জন্য আরও শক্তিশালী ‘শিল্ডিং’-এর ব্যবস্থা রাখা হচ্ছে। বর্তমান মনিটরগুলোর অবস্থান পরিবর্তন করার পর বা নতুন মনিটরগুলোতেও আগের সমস্যা হতে থাকলে এলজি’র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।







