টি-টুয়েন্টি থেকে অবসর আর টেস্ট থেকে অবসরে যাওয়ার ইচ্ছা জানিয়ে ফেলা সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন কিনা, সেটি নিয়ে ধোঁয়াশা কাটছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রে জানা গেছে সাকিবকে না রেখেই ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল চূড়ান্ত করেছেন নির্বাচকরা। কেবল আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা।
সাকিবের ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদও ইতিবাচক কিছু জানাতে পারেননি। তার ধারণা সাকিব আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো মানসিক অবস্থায় নেই।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত হয় ‘তারুণ্যের উৎসব ২০২৫’। বিপিএলের একাদশতম আসরের মাসকট উন্মোচিত হয় সে অনুষ্ঠানে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ।
সাকিবকে নিয়ে প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বললেন, ‘আপনি জানেন, একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আর দেশের জন্য খেলা এক কথা নয়। প্রস্তুত হতে হয়, দলের সঙ্গে মানাতে হয় খুব বেশি। সেটা যেহেতু করতে পারছে না, আমার মনে হয় দেশের জন্য খেলার মানসিক অবস্থাতে নেই।’
দেশের বাইরে থেকেও সাকিব আগে ভারতে এসে টেস্ট সিরিজ খেলেছেন। সেখানে ঘোষণা দেন অবসরের। জানান দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে আনুষ্ঠানিক বিদায়ের ইচ্ছার কথা। নিরাপত্তা ঝুঁকির কারণে অবশ্য শেষঅবধি দেশেই আসতে পারেননি টাইগার অলরাউন্ডার। তার টেস্ট ক্যারিয়ারও আটকে আছে সেখানেই।







