এশিয়া কাপের শুরু থেকেই ওপেনিং জুটি নিয়ে ভুগেছে বাংলাদেশ। দুর্দশা কাটাতে ফাইনালে ভারতের বিপক্ষে চমক হয়ে এল মেহেদী হাসান মিরাজের উদ্বোধন করতে আসা। লিটন দাসের সঙ্গে ক্যারিয়ারের প্রথমবার ওপেনিংয়ে নেমেছেন এ ডানহাতি ব্যাটসম্যান।
দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন। মুমিনুলের জায়গায় খেলছেন নাজমুল অপু।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে আড্ডায় ব্যাটিং অর্ডার নিয়ে চমক দেয়ার আভাস দিয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। আউট অব দ্য বক্স চিন্তা থেকে লোয়ার অর্ডারে ব্যাট করা মিরাজের উপর আস্থা রাখলেন অধিনায়ক।
যুব দলের অধিনায়ক থাকাকালীন মিডলঅর্ডারে ব্যাট করতেন মিরাজ। ছিলেন আস্থার প্রতীক। কিন্তু জাতীয় দলে শুরুতে ব্যাটিংয়ে দেখাতে পারেননি তার প্রতিফলন। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও খোলস খুলছেন এ ডানহাতি। গ্রপপর্বের ভারতের বিপক্ষে শেষ দেখায় ৯ নম্বরে নেমে সর্বোচ্চ ৪২ রানের ইনিংসটি খেলেছিলেন মিরাজই। ফাইনালে বেশ কয়েকধাপ প্রমোশন নিয়ে উঠে এলেন ওপেনিংয়ে।







