নিজের ৬০ বছর আগের একটি রেকর্ড ছোঁয়ায় কাইলিয়ান এমবাপেকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।
১৯৫৮ বিশ্বকাপে পেলের পর প্রথম টিনেজার হিসেবে বিশ্বকাপে দুই গোল করেন এমবাপে। ১৯ বছরের ফরাসি কিশোরের জোড়া গোলে আর্জেন্টিনাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।
কম বয়সে ক্লাব পর্যায়েও এই রেকর্ড আছে এমবাপের। ফরাসি ক্লাব মোনাকো এবং পিএসজির হয়ে এই রেকর্ড গড়েন তিনি।
আর্জেন্টিনার বিরুদ্ধে দুই গোল সহ এই বিশ্বকাপে মোট তিন গোল করলেন এমবাপে। শেষ আটে ফরাসিদের প্রতিপক্ষ উরুগুয়ে।
নিজের রেকর্ড ছোঁয়ার পর তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি পেলে। এমবাপেকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা প্রতিভাধর তরুণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন ব্রাজিল সম্রাট।
টুইটারে পেলে বলেন, ’অভিনন্দন কাইলিয়ান এমবাপে। এতো তরুণ বয়সে বিশ্বকাপে দুই গোল। অন্য ম্যাচের জন্যও শুভকামনা। শুধু ব্রাজিল বাদে।’
ম্যাচ শেষে এমবাপে নিজেই বলেছেন, আর্জেন্টিনার বিরুদ্ধে তার দুই গোল ও পারফরম্যান্স তাকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে গেছে।
ফরাসি দৈনিক লে’কিপকে বলেন, ‘আমি খুবই খুশি যে পেলের পর দ্বিতীয় টিজেনার হিসেবে কাজটা করতে পেরেছি। পেলে অন্য মাপের খেলোয়াড়, তবে এমন লোকদের পাশে থাকতে পেরে ভালোই লাগছে।’








