ইংলিশ লিগ কাপ, তথা এফএ কাপের তৃতীয় রাউন্ডে একই রাতে মাঠে নেমেছিল লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি। হতাশ হতে হয়নি কাউকেই। নিজ নিজ খেলায় জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্টরা।
অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে ২-১ গোলের জয় পায় লিভারপুল। তারা ৩৫ মিনিটে জেমস মিলনারের গোলে এগিয়ে গেলেও ৬৭ মিনিটে সমতা ফেরান জিইলফি সিগার্ডসন। পরে ৮৪ মিনিটে গোল করে অলরেডদের জয় নিশ্চিত করেন বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার ভার্জিল ফন ডিক।
ওল্ড ট্র্যাফোর্ডে পুঁচকে ডার্বি কাউন্টিকে ২-০ গোলে হারাতে ঘাম ঝরাতে হয়েছে ম্যানইউকে। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে প্রথম গোল পান জেসে লিনগার্ড। একদম শেষ সময়ে দলের জয়সূচক গোলটি করেন রোমেলু লুকাকু।
প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের নিচের দল বার্নলির বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে প্রথমে পিছিয়ে পড়েও ৪-১ গোলের বড় জয় পেয়েছে ম্যানসিটি। ২৫ মিনিটে অ্যাশলে বার্নের গোলে পিছিয়ে পড়া সিটিজেনদের জয়ের নায়ক সার্জিও আগুয়েরো। ৪৯ ও ৫৮ মিনিটে জোড়া গোল করেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর ৭১ ও ৮২ মিনিটে বাকি দুই গোল করেছেন লেরয় সানে ও বের্নাদো সিলভা।







