দিতি এখন ভালো আছেন। চেন্নাই থেকে তার মেয়ে লামিয়া চৌধুরী তার ফেসবুকে জানিয়েছেন, ‘মায়ের নাক থেকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের নল খুলে ফেলা হয়েছে। সিসিইউতে তিনি পর্যবেক্ষণে থাকবেন আরো ৪৮ ঘণ্টা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা ৪৮ ঘণ্টা পর তাকে ওয়ার্ডে নিতে আসতে পারবো। আল্লাহর রহমতে তিনি এখন ঝুঁকিমুক্ত রয়েছেন।’
কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতার জন্য চেন্নাই টু ঢাকা যাতায়াতের মধ্যে রয়েছেন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়ায় চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে ভর্তি হন তিনি।
কদিন আগেও তার অবস্থা ছিলো সংকটাপন্ন। এর আগে গত ৯ ডিসেম্বর লামিয়া জানিয়েছিলেন, আইসিইউতে রয়েছেন দিতি। কৃত্রিম নল দিয়ে তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। যদিও চিকিৎকরা দিতির মস্তিষ্কে তৃতীয়বারের মতো অস্ত্রোপচারের কথা ভাবছিলেন, কিন্তু পরবর্তীতে জানিয়ে দেন, তার আর দরকার নেই।
মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। গত ২৯ জুলাই প্রথমবারের মতো তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিলো। কয়েকদিন সুস্থ থাকলে গত সপ্তাহে ফের অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় নভেম্বরে মাদ্রাজ নেওয়া হয়।






