বছর গেলে মানুষের বয়স বাড়ে। কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রেই যেন তা উল্টো। বছর ঘোরার সঙ্গে সঙ্গে তিনি আগের চেয়ে বাড়তি গতি ও পারফরম্যান্সকে ছাড়িয়ে যান। বুদ্ধিদীপ্ত খেলা খেলে উপহার দেন আরো সুন্দর ফুটবল।
আরো একটি নতুন মৌসুম শুরু হয়েছে এবং আবারও বার্সেলোনার প্রধান চরিত্র সেই মেসি। খেলা গোছালেন, অ্যাসিস্ট করলেন, সঙ্গে অবশ্যই গোলও করলেন।
লা লিগায় মৌসুমে নিজেদের প্রথম আলাভেসের বিরুদ্ধে তার জোড়া ও কৌতিনহোর গোলে ৩-০ গোলে জয় পায় বার্সা। এই ম্যাচে গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেন মেসি। ২১ শতকে প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় টানা ১৫ মৌসুমে গোল করার কীর্তি গড়েন এলএমটেন।
এদিন আরো একটি ইতিহাসের সাক্ষী হন মেসি। ৯ বছর আগে বার্সেলোনার ৫০০০তম গোলটি করার পর ক্লাবের ৬০০০তম গোলটিও এসেছে তার পা থেকেই।
আলাভেসের বিরুদ্ধে প্রথম গোলটি ফ্রি-কিক থেকে করেন মেসি। ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো। আর ম্যাচের যোগ করা সময়ে ক্লাবের ৬০০২তম গোলটি করেন আর্জেন্টাইন সুপারস্টার।
বার্সার এই ৬০০২ গোলের মধ্য মেসির পা থেকে এসেছে ৩৮৫টি। তার মানে বার্সেলোনার ৬.৫% গোলই একা করেছেন মেসি।







