ইউক্রেনে রাশিয়ার হামলার এক সপ্তাহ পার হয়েছে। আক্রমণ চালাচ্ছেন রাশিয়ার সেনারা। নানা নিষেধাজ্ঞা আরোপ চলছে। কিন্তু থামছে না রাশিয়া। এই পরিস্থিতিতে নিজের পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছেন রুশ অভিনেত্রী লেসান কারিমোভা। কাজের প্রয়োজনে তিনি বর্তমানে ভারতে থাকলেও পরিবারের কথা ভেবে নির্ঘুম রাত কাটাচ্ছেন তিনি।
অভিনেত্রী বলেন, ‘গত সপ্তাহে ঠিকমতো ঘুমাতে পারিনি। নিরীহ মানুষ মারা যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে ভাবতে। যারা পরিবার ও কাছের মানুষদের হারিয়েছেন, তাদের জন্য সমবেদনা। আমার কাছে রুশ ও ইউক্রেনীয়রা ভাই-বোন। এই দুই জাতির মাঝে কোনো পার্থক্য আমি দেখি না। আমরা বড় একটি পরিবার। কোনো যুদ্ধ কিংবা রাজনীতি এই সম্পর্ক বদলাতে পারবে না।’

অভিনেত্রী আরও বলেন, ‘একটি কথা সবাইকে বলতে চাই। একজন মানুষের সিদ্ধান্ত দিয়ে পুরো দেশের সবাইকে বিবেচনা করবেন না। বিশ্ব জুরে ঘৃণা ছড়াবেন না। মিথ্যা খবর ছড়াবেন না। সবাই অনুগ্রহ করে ধৈর্য ধরুন। এমনেই করোনা নামক জীবাণুর যুদ্ধ চলছে। সবাইকে এক হয়ে এই কঠিন পরিস্থিতি সামলাতে হবে।’
লেসান কারিমোভা ছোট ও বড় পর্দায় অভিনয় করেন। ‘হাউজফুল ফোর’, ‘পয়জন’, ‘ড্যামেজড টু’, ‘স্টেট অব সিজ: ২৬/১১’, ‘সাথ নিভানা সাথিয়া টু’ এবং ‘ফানা: ইশক মে মারযাওয়া’-তে দেখা গেছে তাকে। হিন্দুস্তান টাইমস







