বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই-পারফরম্যান্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয় দাবি করেছেন, যখন যে দায়িত্বে ছিলেন সফলতার সঙ্গে তা করেছেন। ৬ অক্টোবরের নির্বাচনে পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে আসলে বিসিবি সভাপতি যে দায়িত্ব দেবেন, সেটিই পালন করবেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক।
দুর্জয় একসময় ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। পরে সে দায়িত্ব পান আকরাম খান। আর দুর্জয় কাজ করেন দেশের ক্রিকেটের পাইপলাইন নিয়ে।
আকরাম চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হচ্ছেন। কেননা চট্টগ্রাম বিভাগের দুটি পদের জন্য প্রার্থী দুইজন, আকরাম খান ও আ.জ.ম. নাছির উদ্দিন।
গতবারের মতো এবারও নির্বাচন করে বিসিবিতে আসতে হবে দুর্জয়কে। ঢাকা বিভাগের দুটি পদের জন্য লড়াই হবে চারজনের। তারা হলেন- তানভীর আহমেদ টিটু, নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও মো. খালিদ হোসেন।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ফল যাই-ই হোক, অতীতে বোর্ডে নিজের কাজ নিয়ে সন্তুষ্টির কথাই শোনালেন দুর্জয়।
‘আমি আসলে ব্যক্তিগতভাবে বেশ খুশি। এইচপি দলকে নিয়ে কাজ করতে পেরেছি। কারণ এই জায়গাটাকে অবহেলার দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অন্যান্য দিকগুলোর যেমন প্রয়োজনীয়তা আছে, এইচপিরও ক্রিকেটের উন্নয়নে তেমন প্রয়োজনীয়তা আছে।’
‘মূলত ডিপার্টমেন্টের বিষয়গুলো যিনি বোর্ড সভাপতি হন তিনি দেখেন। আমি এইচপি দলের সঙ্গে থেকেই খুশি। বা অন্যকোথাও যদি যিনি বোর্ড প্রেসিডেন্ট হবেন তিনি মনে করেন বা আমি যদি বোর্ড আসি পরিচালক হয়ে, সেটা তো পরের ব্যাপার। সেটার দায়িত্ব বোর্ড প্রেসিডেন্টই নির্ধারণ করবেন।’
‘আমি দুইটা জায়গায় কাজ করেছি, ক্রিকেট অপারেশন্সে কাজ করেছি বিশ্বকাপের সময়। সেখানেও সফলভাবে কাজ করেছি। কারণ বিশ্বকাপে ভালো খেলার শুরুটা কিন্তু আমাদের ২০১৫ থেকে। সেখানে ভালো ফলাফল করেছি। এরপর হাই-পারফরম্যান্স, জাতীয় দলের পাইপলাইন, তরুণ খেলোয়াড় ৬-৭ জন যারা হাই-পরফরম্যান্সকে প্রতিনিধিত্ব করছে, এটা কিন্তু আমার জন্য বড় বিষয়।’







