দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত ঘোষণার আগ পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে কেউই আওয়ামী লীগের প্রার্থী নন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন: আমরা নেত্রীর সঙ্গে বসবো। মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এর আগ পর্যন্ত কেউ দলীয় প্রার্থী নন।
দলের সাংগঠনিক অবস্থা নিয়েও কথা বলেন কাদের। তিনি বলেন: দলের ভেতরে ছোটখাটো সমস্যা থাকতেই পারে। সেকারণে কোথাও কোথাও সম্মেলন হয়নি। তবে দলকে আধুনিক এবং মাঠ সুসংগঠিত করে শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেবো।
একটি আধুনিক দল হিসেবে আওয়ামী লীগ মাঠকে সুসংগঠিত করেই অংশ নেবে বলে মন্তব্য করেন তিনি।
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সকল ত্রুটি, বিচ্যুতি ও দুর্বলতা বিবেচনা সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার জন্য দলের ৮টি সাংগঠনিক ইউনিটের নেতাদের নির্দেশ দেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। মনোয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। প্রত্যাহারের শেষ তারিখ ২৯ তারিখ।








