‘না বলা খ্যাত’ জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসেন পরিবারের সঙ্গে দারুণ
উপভোগ করেছেন এবারের কোরবানি ঈদ। চ্যানেল আই অনলাইনকে ইলিয়াস জানালেন তার
ঈদ উদযাপনের সময়টুকু এবং মিউজিক নিয়ে তার বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনার
কথা।
চ্যানেল আই অনলাইন: ঈদ কেমন কেটেছে?
ইলিয়াস হোসেন: খুব ভালো কেটেছে। তবে ব্যস্ততার মধ্যে। ঈদের দিনই আমি আমেরিকা থেকে কনসার্ট শেষ করে দেশে ফিরেছি। এরপর গ্রামের বাড়িতে চলে এসেছি। এখানেই পরিবারের সঙ্গে দারুণ সময় উপভোগ করছি।
চ্যানেল আই অনলাইন: তাহলে পশুর হাটে যাওয়া হয়নি? কিংবা হয়নি কোরবানি দেওয়া?
ইলিয়াস হোসেন: আমি যেহেতু দেশের বাইরে ছিলাম তাই পরিবারের অন্যরা এবারে এই কাজটি করেছে। তবে ঈদের গ্রামে বাড়ি যাওয়ার সময় খুব মজার ঘটনা ঘটেছে আমার সঙ্গে।
চ্যানেল আই অনলাইন: কি সেই মজার ঘটনা?
ইলিয়াস হোসেন: আমি যখন এয়ারপোর্ট থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা দিলাম তখন আমার গাড়ির পাশাপাশি একটি গরু ভর্তি ট্রাক ছিল। সম্ভবত ওনাদের বিক্রি ভালো হয়নি; তাই মন খারাপ করে বাড়ি ফিরছিল। আমি গাড়ি থেকে নেমে ওখান থেকেই গরু কিনলাম এবং সেই গরু গ্রামের বাড়ি গিয়ে নিজ হাতে কোরবানি দিলাম। সত্যিই আমার খুব ভালো লেগেছে এমন একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পেরে।
চ্যানেল আই অনলাইন: গানের ব্যস্ততা সম্পর্কে কিছু বলুন?
ইলিয়াস হোসেন: গান নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি। ঈদের আগেই দু’টি মিউজিক ভিডিও কাজ শেষ করলাম। জনপ্রিয় গীতিকার রাজীব আহমেদ ও সুরকার রাজেশ ঘোষের ‘কান্নাগুলো’ মিউজিক ভিডিও সম্প্রতি গান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এছাড়া ‘দিওয়ানা’ ও মন দিয়ে দেখ মিউজিক ভিডিওও কাজ করেছিলাম। গানগুলো বেশ সাড়া ফেলেছে দর্শকের মাঝে।
চ্যানেল আই অনলাইন: আইয়ুব বাচ্চু, আসিফ আকবর মতো শিল্পীদের সঙ্গে কাজ করা রাজীব আহমেদের সঙ্গে কাজ করতে আপনার অভিজ্ঞতা কেমন ছিল?
ইলিয়াস হোসেন: আসলে রাজীব ভাইয়ার সঙ্গে কাজ করা ভাগ্যের ব্যাপার। ব্যক্তিগত ভাবে তিনি আমার খুব পছন্দের মানুষ। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। তিনি দুই প্রজন্মের সঙ্গীতশিল্পীদের সঙ্গে সুন্দর একটি যোগাযোগ স্থাপন করে দেয়। ভবিষ্যতে আমারও যখন প্রবীণ হবো তখন ওনার মতো এমন সুন্দর যোগাযোগ স্থাপন করতে সক্ষম হব আশা করি।
চ্যানেল আই অনলাইন: ঈদ পরবর্তী পরিকল্পনা বলুন?
ইলিয়াস হোসেন: হাতে কিছু মিউজিক ভিডিওর কাজ রয়েছে। এছাড়া ‘কান্নাগুলো’ শিরোনামে এ গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওর কাজ করব। এছাড়া আরো কিছু কাজ রয়েছে।
চ্যানেল আই অনলাইন: প্লেব্যাক করছেন?
ইলিয়াস হোসেন: এতোদিন শুধু অিডিও মিউজিক ভিডিও নিয়ে ব্যস্ত থাকায় প্লেব্যাক নিয়ে কোনো চিন্তা করেনি। তবে ভবিষ্যতে প্লেব্যাকে কাজ করবো।
সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসেন’র নতুন মিউজিক ভিডিও ‘কান্নাগুলো’






