নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের ক্ষেত্রে নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে নাম চাওয়া হবে এবং তারা পছন্দের নাম প্রস্তাব করতে পারবেন। এছাড়া ব্যক্তিগত ভাবেও কেউ চাইলে নাম প্রস্তাব করতে পারবেন।
নতুন নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করতে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব এসময় বলেন, ‘আগামী পরশু দিন আবার আমরা বসবো। এরপর সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্বাচন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথেও আমরা বসব। আগামী শনিবার ২টি এবং রোববার ১টি মিটিং হবে। এতে কোনো প্রস্তাব আসলে সেটা নেওয়া হবে। সবার বক্তব্য, আইন ও অন্যান্য সবকিছু বিবেচনা করে ১০ জনের নাম দেওয়া হবে।’
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘এই সার্চ কমিটির আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ কার্যদিবস সময় রয়েছে নাম প্রস্তাব করে রাষ্ট্রপতির কাছে জমা দেয়ার। অন্যদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। আমরা আশা করছি এরমধ্যেই আমরা নাম প্রস্তাব করা শেষ করতে পারব।’
সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন কমিটির সদস্য হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং
লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক। এছাড়া ছিলেন সার্চ কমিটির কর্ম সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সার্চ কমিটি নির্বাচন কমিশনের জন্য সদস্যদের মনোনীত করার পর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনারের নাম চূড়ান্ত করবেন।

গতকাল শনিবার রাষ্ট্রপতির আদেশে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের নিয়োগদানের জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে এই অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হলো।’
‘‘কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন- ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রী পরিষদ বিভাগ সার্চ কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।’’







