ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে রাশিয়ার সিএসকে মস্কো। বুধবার রাতে নিজেদের মাঠ এরেনা খিমকিতে রেড ডেভিলদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
রাশিয়ার ক্লাবটি নিজেদের মাঠে ইউনাইটেডকে পাত্তাই দেয়নি। প্রায় ৬৮ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে। এর ধারাবাহিকতায় মাত্র ১৫ মিনিটেই গোল আদায় করে নেয় মস্কো। ডি-বক্সে মার্সিয়ালের হাতে বল লাগলে পেনাল্টি পায় মস্কো।
রোমান এরেমেঙ্কোর স্পটকিক দক্ষতার সঙ্গে ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া প্রতিহত করলেও ফিরতি শটে বল জালে জড়ায় দুম্বিয়া। ম্যাচের ৩০ মিনিটে মুসা সহজ গোল নষ্ট না করলে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যেত মস্কো।
রেড ডেভিলদের হয়ে সমতা ফেরানোর সহজ সুযোগটি নষ্ট করে স্ট্রাইকার ওয়েইন রুনি।
ম্যাচের ৬৪ মিনিটে সমতা আনে ফন গালের শিষ্যরা। আন্তোনিও ভালেন্সিয়ার ক্রসে ১২ গজ দূর থেকে দারুণ এক হেডে দলকে সমতায় ফেরান এই মৌসুমেই ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়া ফরাসি খেলোয়াড় মার্সিয়াল।
সি গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ ভিসেন্তে কালদেরনে ৪-০ গোলে আস্তানাকে উড়িয়ে দিয়েছে আতলেটিকো মাদ্রিদ।






