টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ৮৪তে অলআউট। শঙ্কার একটা চোরা স্রোত ঠিকই বয়ে গিয়েছিল। স্বস্তির ব্যাপার হলো আসল লড়াইয়ে সেই শঙ্কা দূর করে অন্য বাংলাদেশেরই দেখা মিলেছে। টস হেরে আগে ব্যাট করতে নেমে তামিমের ব্যাটে পথে আছে টিম টাইগার্স।
ইংল্যান্ডের এই কন্ডিশনে সকালের প্রথম কয়েক ওভার পেসাররা সুইং পান। নতুন বলে ব্যাটসম্যানদের তাই অনেক সতর্ক থাকতে হয়। তামিম-সৌম্য সেটা ছিলেন। প্রথম ওভার মেডেন দিয়ে দেন। এরপর ধীরে ধীরে দুজনে খোলস ছেড়ে বের হন। স্টকের শর্ট বলে সৌম্য (২৮) যখন ফেরেনে, তখন দলের সংগ্রহ ৫২।
ব্যাটিংয়ে শক্তি বাড়াতে ইমরুলকে একাদশে রাখা হয়। সেই ইমরুল (১৯) খুব একটা ভালো করতে পারেননি। প্লাঙ্কেটকে উড়িয়ে মারতে যেয়ে মিডঅনে ধরা পড়ে যান। মার্ক উড দারুণ ক্যাচ নেন।
ইমরুল ফিরে গেলে মুশফিক এসে তামিমকে সঙ্গ দিচ্ছেন। ২৮ ওভার পর্যন্ত রানরেট ৫.৩৫ এ রেখেছেন। মোট রান ১৫০।








