কোপা আমেরিকার সেমিফাইনালে উঠার পথে তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া পরীক্ষার সামনে আর্জেন্টিনা। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও জয়ের ব্যাপারে আশাবাদী মেসি-মারিয়ারা।
আর নিজেদের সেরাটা খেলেই মেসিদের হারাতে চায় কলম্বিয়াও। বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামবে দুই দল।
১৯৯৩ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ইকুয়েডরের গুয়াকোলি মাঠে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ গোল শূন্য ড্রয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে ৬-৫ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিলো আর্জেন্টিনা। সে বছরই শেষবার কোপার শিরোপা জয় করেছে আলবিসেলেস্তারা। তারপর ২২ বছরের শিরোপা খরা মেটানোর মিশনে আবারো মাঠে নামবে মেসি-আগুয়েরো-ডি মারিয়ারা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র করলেও পরের দুই ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে আসে হিগুয়েন-তেভেজরা। নেতৃত্বে থাকলেও মেসি তার সেরাটা খেলতে পারছেন না বলে কিছুটা দুশ্চিন্তায় দল। তবে কলম্বিয়াকে হারিয়েই সেমিতে যেতে বদ্ধ পরিকর আর্জেন্টিনা।
দলের কোচ জেরার্ডো টাটা মার্টিনো বলেছেন, প্রতিপক্ষ কে সেটা নিয়ে চিন্তা করা কোনো কারণ নেই। আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলবো। তবে রেফারিং নিয়ে নিজের চিন্তার কথা গোপন করেননি সাবেক বার্সেলোনা বস। বিশেষ করে প্রথম কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে উরুগুয়ের এডিনসন কাভানির লালকার্ডের ঘটনা চিন্তায় ফেলেছে তাকে।
আর দলের ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো বলেছেন, সতীর্থদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। মাঠের অবস্থা বুঝে আমরা খেলবো। তবে সামনে যাওয়ার কাজটা সব সময়ই কঠিন। সে কাজটাই আমরা করবো।
অপরদিকে টুর্নামেন্টে ফর্মে নেই কলম্বিয়ান তারকা রাফায়েল ফ্যালকাও, হামেস রদ্রিগেজরা। গ্রুপ পর্বের তিন ম্যাচে আর্জেন্টিনা করেছে চার গোল। আর কলম্বিয়ার অর্জন মাত্র এক গোল। আছে ইনজুরি সমস্যাও। তবে প্রথম রাউন্ডের হতাশা ঝেড়ে কোয়ার্টার ফাইনাল থেকে নতুন শুরু করতে চায় কলম্বিয়া। পুরনো শিষ্যদের প্রতিই তাই আস্থা কোচ হোসে প্যাকারম্যানের।
মেসিকে সেরা সেরা ধরেই কলম্বিয়া কোচ বলেন, এবার প্রথম আমরা এরকম সমস্যার মধ্যদিয়ে যাচ্ছি না। এরআগেও আমরা নানা রকম কঠিন অবস্থার মোকাবেলা করেছি। আমরা একটা ভালো ম্যাচ খেলারই চিন্তা করছি।
মুখোমুখি লড়াইতে কলম্বিয়ার চেয়ে এগিয়ে আর্জেন্টিনা। সর্বশেষ ১১টি ম্যাচে একবারই আর্জেন্টিনাকে হারাতে পেরেছে কলম্বিয়া। সেটাও আট বছর আগে। বিশ্বকাপ বাছাইপর্বের সে ম্যাচে মেসিদের ২-১ গোলে হারিয়েছিলো ফ্যালকাওরা। তবে হিসেব যাই হোক ফিফা র্যাঙ্কিং এ তিন ও চার নম্বর দলের খেলা বলেই জমজমাট ম্যাচ আশা করছেন ফুটবল বিশেষজ্ঞরা।






