চারদিন আগেও পরিস্থিতি ছিল নাগালের বাইরে! কী দেশ বা দেশের বাইরে, আর্জেন্টিনাকে ধুয়ে দেয়া ছাড়া যেন আর কোনো কাজ ছিল না সংবাদ মাধ্যমগুলোর! নাইজেরিয়ার বিপক্ষে জয়ের পর চিত্রটা পুরো পাল্টে গেছে। আর্জেন্টাইন ও স্প্যানিশ সেই একই সংবাদ মাধ্যমগুলো গাইছে মেসিদের প্রশস্তি!
নাইজেরিয়ার বিপক্ষে ১-১ গোলে সমতায় থাকায় ৮৫ মিনিট পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ ছিটকে যাওয়ার শঙ্কায় কাঁপছিল আর্জেন্টিনা। এমন মুহূর্তে ৮৬ মিনিটে মার্কোস রোহোর গোল ‘লা আলবিসেলেস্তে’দের তুলেছে দ্বিতীয় রাউন্ডে। আর্জেন্টাইন জনপ্রিয় সংবাদ মাধ্যম ওলের চোখে যা অলৌকিক ঘটনা। তাদের শিরোনামও তাই, ‘বিশ্বকাপের অলৌকিক ঘটনা’।
আর্জেন্টিনার আরেক জনপ্রিয় পত্রিকা ক্লারিন শিরোনামে তুলে ধরেছে আসল ঘটনাই, ‘অনেক চাপ সয়ে নাইজেরিয়ার বিপক্ষে জয় আর পরের রাউন্ডের বৈতরণী পার’।
ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর সবচেয়ে কড়া ভাষায় সমালোচনা করেছিল ‘লা নাসিওন’। মঙ্গলবারের জয়ের পর রোহোর কীর্তি বড় করে উঠে এসেছে তাদের খবরে, ‘পাঁচ মিনিট আগে রোহোর গোলে পরের রাউন্ডের দুয়ার খুলল আর্জেন্টিনা’।
এল ডিয়া বলছে, ‘রোহোর (লাল)স্বপ্ন’! আর মার্কা লিখেছে, ‘লালে(রোহো) উত্তপ্ত আর্জেন্টিনা’। এল কুইপে বলছে, ‘আর্জেন্টিনা তাদের মতই অলৌকিকভাবেই জিতেছে।’
সবচেয়ে সুন্দর শিরোনাম করেছে ইতালিয়ান লা গ্যাজেত্তে ডেল্লো স্পোর্ট, ‘আর্জেন্টিনা! প্রথমে ভয় পরে উল্লাস’!







