আরব আমিরাতের দ্বিতীয় সারির দল আল-ফুজাইরাহর কোচের দায়িত্ব নিলেন ডিয়েগো ম্যারাডোনা। ২০১২ সালের জুলাইয়ে আমিরাতেরই আরেক দল আল-ওয়াসলের কোচের পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। লম্বা সময় পর আবারো কোন দলের কোচ হলেন ৫৬ বছর বয়সী ম্যারাডোনা।
নিজের ফেসবুক পেজে আল-ফুজাইরার লাল-সাদা জার্সি ধরে থাকা এক ছবিতে ম্যারাডোনা লিখেছেন, ‘এখন থেকে এটাই আমার রং।’
আল-ফুজাইরাহও নিজেদের টুইটার পেজে ম্যারাডোনার ছবিটি পোস্ট করে কিংবদন্তির সঙ্গে তাদের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত মাতৃভূমি আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করেছেন ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের অধীনে মেসিরা জার্মানির কাছে ৪-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলে কোচের চাকরি হারান তিনি।








