মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ১০ বছর পূর্তিতে উন্মোচিত হয়েছে বহুল আলোচিত নতুন স্মার্টফোন আইফোন এক্স বা আইফোন টেন। ১২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে স্টিভ জবস থিয়েটারে নতুন এই আইফোনের ঘোষণা আসে। আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাসও উম্মোচিত হয়।
১০ বছর পূর্তির সংগে মিল রেখে রোমান সংখ্যা X (এক্স) এর নামে ওই আইফোনে থাকছে নানা সুবিধা। ব্যবহারকারীর চেহারা দিয়ে ফোন আনলক করার ‘ফেসিয়াল রিকগনিশন’ সুবিধা যুক্ত হয়েছে এই নতুন ফোনটিতে। অন্ধকারের মধ্যেও বিশেষ ব্যবস্থায় ফোনটি তার প্রকৃত মালিককে চিনে নেবে।
৫ দশমিক ৮ ইঞ্চি এজ-টু-এজ ওএলইডি ডিসপ্লে, ফেশিয়াল রিকগনিশন এবং থ্রিডি ক্যামেরা সেন্সর। তবে আইফোনের এ সংষ্করণটিতে নেই কোনো হোম বাটন। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে প্রতিষ্ঠানের নতুন এ১১ বায়োনিক চিপ।
আইফোন এক্সে যুক্ত হয়েছে ওয়ারলেস চার্জিং ব্যবস্থা। আইফোন ৭ থেকে আইফোন এক্সে চার্জ থাকবে অন্তত দুই ঘণ্টা বেশি।
আইফোন ৮ ও ৮ প্লাস
একই অনুষ্ঠানে উন্মোচন করা আইফোন ৮ ও ৮ প্লাসে রয়েছে হোম বাটন। আইফোন ৮ ও ৮ প্লাস দেখতে অনেকটাই আইফোন ৭ এর মতো। নতুন হিসেবে যুক্ত হয়েছে ওয়ারলেস চার্জিং সুবিধা।

আইফোন ৮ স্মার্টফোনে আছে ৪.৭ ইঞ্চি রেটিনা স্ক্রিন। অন্যদিকে বৃহদাকৃতির ভ্যারিয়েন্টটি ৫.৫ ইঞ্চি রেটিনা এইচডি স্ক্রিনে বাজারে আসবে। আইফোন ৮ এবং প্লাসের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ডিজাইন। উভয় স্মার্টফোনই অ্যাপলের সর্বাধুনিক ১০ ন্যানোমিটার ৬-কোর প্রসেসরযুক্ত এ১১ বায়োনিক চিপসেটে চলে। এটি পূর্বেকার এ১০ প্রসেসর থেকে ৭০ গুণ দ্রুতগতির বলে দাবি করা হয়েছে।
ভালো ছবি তুলতে ফোনগুলোতে অত্যাধুনিক ক্যামেরা সফটওয়্যার যুক্ত করা হয়েছে। আইফোন ৮ স্মার্টফোনে একটি মাত্র ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। অন্যদিকে আইফোন ৮ প্লাসে ১২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে।
আইফোন ৮ এর মূল্য শুরু ৬৯৯ ডলার থেকে এবং আইফোন এক্স এর মূল্য শুরু ৯৯৯ ডলার থেকে।
অ্যাপল ওয়াচ
অনুষ্ঠানে অ্যাপল ওয়াচের নতুন সংষ্করণও উন্মোচন করা হয়। অ্যাপলের ওয়াচ থ্রি সিরিজে রয়েছে সেলুলার কানেকশন। নতুন এই ঘড়িতে রয়েছে ওয়াইফাই সংযোগ, ব্লুটুথ সংযোগ।

এই ঘড়িতে বিশেষ ফিচার হলো- এলটিই সংযোগ বা সেলুলার সংযোগ। অর্থাৎ ব্যবহারকারির আইফোন সাথে না থাকলেও কল করা বা মিউজিক স্ট্রিম করা যাবে এই ওয়াচ দিয়ে।
তিনটি কালারে পাওয়া যাবে এই অ্যাপলের এই ঘড়িটি। আর এর দাম রাখা হয়েছে ৩৯৯ ডলার।
কবে পাওয়া যাবে এসব পণ্য
অ্যাপলের এসব পণ্যের মধ্যে আইফোন ৮ এবং অ্যাপল ওয়াচের জন্য ১৫ সেপ্টেম্বর থেকে অর্ডার করা যাবে এবং পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে। এছাড়া আইফোন এক্স প্রি-অর্ডার করা যাবে ২৭ অক্টোবর থেকে এবং হাতে পাওয়া যাবে ৩ নভেম্বর থেকে।







