রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জিম্মিকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। অভিযানে পাঁচজন হামলাকারীর নিহত হবার খবর নিশ্চিত করেছে গোয়েন্দা সূত্র। রেস্টুরেন্টে আটকা পড়া জিম্মিদের উদ্ধারে সকাল ৭টা ৪৫ মিনিটে অভিযান শুরু করে যৌথবাহিনী। অভিযানে জিম্মিদের উদ্ধার করা হয়েছে কি না তা নিশ্চিতভাবে জানা যায়নি।
জিম্মিদের উদ্ধারে বিশেষ বাহিনী (স্পেশাল উইপন্স এন্ড টেকটিকস) সোয়াটের সঙ্গে ভোর ৪টার পর থেকেই পুলিশ, র্যাব, বিজিবি, নৌ-বাহিনী কমান্ডো দল সীল এবং সেনাবাহিনীর কমান্ডোদের সমন্বয়ে এ অভিযানের প্রস্তুতি শুরু করে।
রাতের শেষ দিকে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী কমান্ডো দল সীল এবং সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল।
মধ্যরাতে সীলের কয়েকজন সদস্য রেস্টুরেন্টের পেছনে থাকা লেক পেরিয়ে ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসে। ফেরার পর তারা জানায়: ভেতরে ৭ থেকে ৮ জন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে। প্রত্যেকের পরনে রয়েছে জিনসের প্যান্ট এবং টিশার্ট। জিম্মিদের মধ্যে দু’টি শিশুও রয়েছে।








