অতিরিক্ত চিপস ও ভাজাপোড়া খাবার খাওয়ার কারণে দৃষ্টি শক্তি হারাতে যাচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টলের ১৭ বছর বয়সী এক কিশোর। সম্প্রতি এক অনুসন্ধানে বলা হয় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হতে পারে অন্ধত্বের কারণ।
ছেলেটির অন্ধত্বের কারণ প্রথমে বুঝতে না পারলেও ব্রিস্টলের চক্ষু চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে ছেলেটির শরীরে প্রচুর ভিটামিনের ঘাটতি রয়েছে তা ধরতে পারে। এতে বলা হয় অপুষ্টির কারণে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করতে পারছে না।
ছেলেটির মা বলেন, সে কোন কাজ করতে গেলেই ক্লান্ত হয়ে পড়ত। কিছুই ভালো লাগত না তার। সে সময় ভিটামিন বি১২–এর অভাব শনাক্ত করে তাকে প্রয়োজনীয় ওষুধপত্র ও ডায়েট তালিকা দেয়া হয়েছিল।
কিন্তু বেশি দিন সে ডায়েট মেনে চলতে পারেনি। খুব শিগগিরই আবারও খাওয়া শুরু করে চিপস আর ভাজাপোড়া।
অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নাল জানায়, এ ঘটনার তিন বছর পর, কিশোরের বয়স যখন ১৭। ক্রমান্বয়ে দৃষ্টিশক্তি হ্রাসের কারণে তাকে ব্রিস্টল চক্ষু হাসপাতালে নেয়া হয়।
সেখানকার চিকিৎসক ডানাইজ আতান বলেন, ছেলেটির খাবার প্রতিদিন স্থানীয় দোকান থেকে এক প্যাকেট করে ভাজা মাছ বা চিপসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার খাদ্যতালিকায় কোনো ধরনের ফল বা শাকসবজি ছিল না।
ছেলেটি বলত, ওসব ঘাস-পাতা তার পেটে সহ্য হয় না। তার কখনো মনে হয়নি ফল বা শাক খাওয়া উচিত। খাবার বলতে একমাত্র চিপস বা তেলে ভাজা খাবারই তার মুখরোচক মনে হয়।
পরীক্ষা করে দেখা যায়, তার শরীরে কপার, সেলেনিয়াম, ভিটামিন বি১২, ভিটামিন ডিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ দ্রব্যের ঘাটতি আছে।
আতান বলেন, তার দৃষ্টিসীমার ঠিক মাঝখানে অন্ধত্ব দেখা দিয়েছে। অর্থাৎ, সে গাড়ি চালাতে পারবে না। পড়তে, টেলিভিশন দেখতে বা কারও চেহারা চিনতে খুব কষ্ট হবে তার। চিকিৎসকেরা আশা করছেন, ক্ষীণ দৃষ্টিশক্তি নিয়ে কোনোমতে চলাফেরা করতে পারবে তিনি।
এই অসুখের নাম নিউট্রিশনাল অপটিক নিউরোপ্যাথি। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগটি নিরাময়যোগ্য। তবে দেরি হয়ে গেলে নার্ভ দুর্বল হয়ে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে।
এমন বাছবিচার করে খাওয়াদাওয়া করলে শরীরের অভ্যন্তরে অপূরণীয় ক্ষতি হতে পারে বলে জানান আতান।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারে অন্তত দুই-তিন ধরনের খাদ্য উপাদান রাখা জরুরি।
মাল্টিভিটামিন ট্যাবলেটের সাহায্যে শরীরে ভিটামিনের চাহিদা কিছুটা পূরণ হলেও কোনোভাবেই তা স্বাস্থ্যকর খাদ্যের বিকল্প হতে পারে না।







