বলিউড তারকা অক্ষয় কুমারকে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা যায় না। আসলে তিনি যান না। তার স্ত্রী আরেক বলিউড তারকা টুইঙ্কল খান্না বললেন, ‘তুমি যাও না, ভালোই করো। তুমি তো কোনো পুরস্কার পাওনা।’ চুপ করে থাকেন অক্ষয়। কারণ তার কী করার আছে! পুরস্কার দেওয়ার মালিক তো আর তিনি নন। কিন্তু এবার যে তার বিরুদ্ধেই গুরুতর অভিযোগ ওঠেছে।
আজ শনিবার সারাদিনই ভারতীয় সংবাদমাধ্যমে আলোচিত হচ্ছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘ফিচার ফিল্ম’ বিভাগের চেয়ারম্যান পরিচালক প্রিয়দর্শন। তাঁর সঙ্গে রয়েছে অক্ষয়ের ঘনিষ্ঠতা। এই পরিচালকের ‘হেরা ফেরি’, ‘গরম মশালা’, ‘ভাগম ভাগ’, ‘ভুল ভুলাইয়া’, ‘দে ধনাধন’, ‘খাট্টা মিঠা’ ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। অভিযোগ ওঠেছে, প্রিয়দর্শনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি এবার জাতীয় পুরস্কার পেয়েছেন অক্ষয়!
অভিযোগের তীর যার দিকে, সেই প্রিয়দর্শন দিন শেষ হওয়ার আগেই মুখ খুললেন। বললেন, ‘খুব সহজভাবে এই অভিযোগের উত্তর দেব। যখন রমেশ সিপ্পি জুরি বোর্ডের প্রধান ছিলেন, তখন অমিতাভ বচ্চন জাতীয় পুরস্কার পান। তখন তো কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু রমেশ সিপ্পির সঙ্গে অমিতাভের ঘনিষ্ঠতার কথা তো সবার জানা। আবার প্রকাশ ঝা জুরি বোর্ডের প্রধান থাকার সময় পুরস্কার পান অজয় দেবগণ। তাহলে এখন কেন কথা হচ্ছে?’
প্রিয়দর্শন জানান, অক্ষয় কুমার নিজের যোগ্যতায় পুরস্কার জিতেছেন। ‘এয়ারলিফট’ ও ‘রুস্তম’ ছবিতে অক্ষয়ের অভিনয় জুরিদের খুবই পছন্দ হয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ী একটা ছবিকে বেছে নিতে হবে। তাই ‘রুস্তম’ ছবির জন্য অক্ষয়কে পুরস্কার দেওয়ার ব্যাপারে সবাই সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন। হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া।









