নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলে জ্বালানি আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২ এপ্রিল রাতে দাগনভূঞা-ফেনী আঞ্চলিক মহাসড়কের এনায়েতভূঞা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. অন্তর (২০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকের বাজার-সংলগ্ন মিদ্দা বাড়ির একরামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, চলমান পরিস্থিতিতে কোম্পানীগঞ্জে অকটেন ও পেট্রোলের সংকট দেখা দেওয়ায় অন্তর বিকেলে মোটরসাইকেলের জন্য তেল আনতে ফেনীর একটি পাম্পের উদ্দেশে রওনা দেন। সেখান থেকে তেল নিয়ে ফেরার পথে এনায়েতভূঞা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হুমায়ন কবির ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবার দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত যানবাহন দ্রুত শনাক্তের দাবি জানিয়েছে।
এ বিষয়ে ফেনী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখায়েত হোসেন বলেন, ঘটনাটি তার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








