ওয়ানডে, টি-টুয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন ইয়াসির

বাংলাদেশ ক্রিকেটার ইয়াসির আলী অনুশীলনে ব্যস্ত, প্রস্তুতি নিচ্ছেন আন্তর্জাতিক ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
টেস্টের পর ওয়ানডে, টি-টুয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন ইয়াসির আলি চৌধুরি। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে আসতে হচ্ছে তরুণ এই ব্যাটারকে। মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে তার।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়াসিরের ছিটকে পড়ার খবর জানায়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পিঠে চোট পান ইয়াসির। এমআরআই স্ক্যানে তার মেরুদণ্ডে সমস্যা ধরা পড়ে।
সাদা বলের ক্রিকেটে তাকে পাওয়ার আশা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের, খেলা হচ্ছে না কোনো ফরম্যাটেই।
ইয়াসিরের চোটে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন এনামুল হক বিজয়। শুক্রবার সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা প্রবল। ওয়েস্ট ইন্ডিজে সীমিত ওভারের সিরিজ শুরু হবে ২ জুলাই টি-টুয়েন্টি দিয়ে।






