বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত

ঢাকায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও র্যালি, বিভিন্ন মানুষ অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এবং ফ্রাইডেজ ক্যাম্পেইন ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
গতকাল (১০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও র্যালির আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের আহ্ববায়ক মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)।
মানববন্ধনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কান্ট্রি কো- অর্ডিনেটিং মেকানিজম এর সদস্য এ এস এম সিরাজুল ইসলাম বলেন, চিকিৎসা মানবাধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সরকার প্রতিটি মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। সরকারের একার পক্ষে সব কাজ করা সম্ভব হয়ে উঠবে না। আমরা যদি যার যার অবস্থান থেকে কাজ করি তাহলে প্রতিটি মানুষের চিকিৎসা নিশ্চিত করা সম্ভব।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কান্ট্রি কো-অর্ডিনেটিং মেকানিজমের সদস্য এবং পিএলএইচআইভি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো হাফিজউদ্দিন মুন্না বলেন, এইচআইভিএইডস এ আক্রান্ত ব্যক্তি ও যৌন কর্মীদের মানবাধিকার বিভিন্ন জায়গায় লঙ্ঘিত হচ্ছে। সরকার এবং আমাদের প্রতিটি সচেতন মানুষের উচিত তাদের মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখা। শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে দেশের সামগ্রিক উন্নতি সম্ভব না। দেশের প্রতিটি মানুষের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা পেলেই দেশের সত্যিকারের উন্নয়ন হবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম (রাশেদ মানিক) তার বক্তব্যে বলেন, আমরা একবিংশ শতাব্দিতে বসবাস করি। আমরা নিজেদের সভ্য মানুষ হিসেবে দাবী করেও মানুষকে হত্যা করি। ইউক্রেনে যুদ্ধ চলছে। ফিলিস্তিনি অগণিত নারী-শিশুদের হত্যা করা হচ্ছে। ধ্বংষ করা হচ্ছে হাসপাতাল, শিক্ষা-প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়। আমরা আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই মানববন্ধন থেকে এইসব যুদ্ধ, হত্যা এবং বৈষম্যের অবসানের দাবী জানাই।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট খান মাহমুদুল হাসান, আমাদের ভাবনা অ্যাসোসিয়েশ (আভা) এর প্রেসিডেন্ট সিনথিয়া ভুঁইয়া এবং লিলি সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক আনিসা খাতুন টুনি। এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এবং ফ্রাইডেজ ক্যাম্পেইন ইন্টারন্যাশনালের সদস্য, সেচ্ছাসেবক, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ সকল শ্রেণি পেশার মানুষ।






