বিজয় দেবরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু অভিনীত সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘খুশি’র সাফল্যে ১০০ জন অনুরাগীকে ১ কোটি টাকা দিচ্ছেন অভিনেতা বিজয়, সম্প্রতি এমন খবরই প্রকাশিত হয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জুড়ে।
কিন্তু অভিনেতার এই পদক্ষেপের পরই টুইটারে একটি ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতার ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবির এর প্রযোজক।
মূলত ২০২০ সালে মুক্তি পেয়েছিল বিজয় দেবরাকোন্ডা অভিনীত ছবি ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’। করোনাকালে যেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ওই ছবির বিতরণের জন্য ডিস্ট্রিবিউটরদের নাকি ৮ কোটিরও বেশি টাকা দিতে হয়েছিল, সম্প্রতি এমনই দাবি করেছেন ছবির প্রযোজক।
তিনি আরও জানিয়েছেন, ওই টাকা পুরোটাই খরচের খাতায় গিয়েছে, ওটা আর ফেরত আসেনি। তাইতো বিজয়ের ১ কোটি টাকা অনুদানের খবর পেয়ে তিনিও অভিনেতার কাছে ক্ষতিপূরণ দাবি করে বসেছেন।
টুইটে লেখা হয়েছে, ‘প্রিয় বিজয় দেবরাকোন্ডা, আমাদের #ওয়ার্ল্ড ফেমাস লাভার ছবিটির বিতরণে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। তখন কেউ পাশে দাঁড়ায়নি! এখন যেহেতু আপনি আপনার বড় হৃদয় দিয়ে বহু পরিবারকে ১ কোটি টাকা দান করছেন, দয়া করে আমাদেরও তাহলে বাঁচান। একই সঙ্গে এক্সিবিটর্স, ডিস্ট্রিবিউটরসদের পরিবারকেও বাঁচান। ধন্যবাদান্তে আপনার অভিষেক পিকচার্স’। হ্যাশট্যাগে দিয়েছেন #মানবতা #প্রেম #সহানুভূতি। যদিও প্রযোজকের এই টুইটের কোন প্রতিক্রিয়া জানাননি বিজয়।
সূত্র: এনডিটিভি








