মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেও শিরোপা ঘরে আনতে পারেনি বাংলাদেশ। টি-টুয়েন্টি ফরম্যাটের ফাইনালে ভারতের কাছে হেরে যায়। লাল-সবুজের মেয়েদের সামনে এখন টি-টুয়েন্টি বিশ্বকাপ। বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্ব আসরের জন্য দল দিয়েছে বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে ১৫ সদস্যের দল জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক দলটির নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার। ডেপুটির দায়িত্ব পালন করেন আফিয়া আশিমা ইরা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। আরভিন তানি ও মাহারুন নেছাকে বাদ দিয়ে লাকি খাতুন ও সাদিয়া ইসলামকে নেয়া হয়েছে।
আগামী ১৮ জানুয়ারি থেকে মালয়েশিয়ায় গড়াবে আসর। ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।
উদ্বোধনী দিনে এশিয়া বাছাই থেকে বিশ্বকাপে আসা নেপাল মেয়েদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা। তার আগে ১৩ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৫ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিতে খেলবে তারা।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইয়াসমিন পিংকি, জান্নাতুল মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা, ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।







