মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ গড়ানোর কথা ছিল বাংলাদেশে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে আসর সরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে হতে চলেছে। আসর শুরুর ২০ দিন আগে টিকিটের মূল্য জানিয়েছে আইসিসি। বিনামূল্যেও গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন এক শ্রেণীর দর্শক।
বুধবার টিকিটের মূল্য প্রকাশ উপলক্ষে দেশটির সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় একটি লেজার শো করা হয়। টুর্নামেন্টের টিকিটের মূল্য শুরু হবে ৫ দিরহাম থেকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬২ টাকার মতো। এছাড়া ১৮ বছরের কম বয়সীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।
আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৮ দিনের মহাযজ্ঞে মোট ২৩টি ম্যাচ খেলবে দলগুলো। দুইটি গ্রুপে ৫টি করে মোট ১০টি দল অংশগ্রহণ করছে এবারের আসরে। রাউন্ড রবিন লিগে প্রত্যেক দল তার গ্রুপের চারটি দলের বিপক্ষে খেলবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুইটি দল নকআউট পর্বে খেলবে।
গ্রুপ ‘এ’-তে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে, ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। সঙ্গী ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।
লিগ পর্বের ২০টি ম্যাচ গড়াবে শারজাহ ও দুবাইতে। ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ১৭ অক্টোবর প্রথম সেমিফাইনাল দুবাইতে ও ১৮ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে শারজাহতে। ২০ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।








