ঢাবি শিক্ষকের গাড়িচাপায় নারীর মৃত্যু, প্রতিবেদন ১১ জুন

গাড়ির ভিতরে একজন ব্যক্তি ও নিরাপত্তা কর্মী মুখোমুখি আলোচনা করছে, গাড়ির জানালা দিয়ে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর শাহবাগে দুর্ঘটনার পর গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে ছেঁচড়ে এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ জুন দিন ধার্য করেছেন আদালত।
রোববার ৭ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম উদ্দিন এ তথ্য জানান।
এর আগে এ ঘটনায় গত বছরের ২ ডিসেম্বর রাতে নিহত রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে শাহবাগ থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।
চলতি বছরের ১৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে থাকার সময় অসুস্থ হয়ে পড়েন আসামি মোহাম্মদ আজহার জাফর শাহ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেল ৩টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় একমাস ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে গত ১ জানুয়ারি মামলার আসামি জাফরকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাফর। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ২ ডিসেম্বর তেজগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন রুবিনা আক্তার। শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং টেনে হিঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে যায়। ওইদিন বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।



