সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ কার সৃষ্টি তা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: শাসকগোষ্ঠীর চামড়া মোটা হয়ে গেছে। তাদের লক্ষ্য একটাই, সেটি হলো লুটপাট করা। এই আজিজ-বেনজীর তো আওয়ামী লীগেরই সৃষ্টি।
আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীরউত্তমের ভূমিকা ও তালাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
বিএনপি মহাসচিব বলেন, ‘ডামি নির্বাচনে রাতের ভোটে বিজয়ীরা লুটপাট-অপকর্মে জড়িয়েছে। স্বাধীনতার সময় যখন দলমত ছেড়ে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছি, আজও সেই সময় এসেছে অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবার। শাসকগোষ্ঠীর চামড়া মোটা হয়ে গেছে। তাদের যত কথাই বলুন কিছু যায়-আসে না, কর্ণপাত করে না। তাদের লক্ষ্য একটাই, সেটি হলো লুটপাট করা। ক্ষমতায় টিকে থাকার জন্য এটা করছে, সেই ক্ষমতাকে ভোগ করা ও লুট করার জন্য এটা করছেন।’
তিনি বলেন, ‘আজ জেনারেল আজিজের কথা বলা হচ্ছে, সেই আজিজ কার সৃষ্টি? এটা তো আওয়ামী লীগের সৃষ্টি। কোথা থেকে কোথায় এসেছেন এই আজিজ? বেনজীর আহমেদের হাজার হাজার কোটি টাকা লুটপাটের তথ্য বেরিয়ে আসছে। এই আজিজ-বেনজীরকে তারাই তৈরি করেছে, লালন করেছে। এই এক-দুটো ঘটনা না, চতুরদিকে তাকিয়ে দেখুন, অপকর্মের-লুটপাটের শত শত ঘটনা রয়েছে। সব জায়গায় একই অবস্থা।’
মির্জা ফখরুল বলেন, ‘আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিয়ে সেটাকে ধ্বংস করে দিয়েছেন। অথচ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব আপনাদের ছিল। বেগম খালেদা জিয়া জনগণের আস্থার ওপরে সেটাকে বাস্তবায়ন করেন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন। আজ ভোটের অধিকার নেই, ডামি নির্বাচনের মাধ্যমে রাতের আধারে ভোট অনুষ্ঠিত হয়।’
‘তাদের তথাকথিত ডামি নির্বাচনের মাধ্যমে বিজয়ীরা গ্রামেও লুটপাট করছে। মধ্যরাতের নির্বাচনের নেতারা এখন দেশের বাইরে লুটপাটের টাকা পাচার করছে। এক ভূমিমন্ত্রী দেশের বাইরে ৩৬৫টি ঘরবাড়ি করেছেন। আমাদের বয়স হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে মারামারি করতে পারবো না, এখন যুবকদের এগিয়ে আসতে হবে। স্বাধীনতার সময় যখন দলমত ছেড়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আজ সেই সময় এসে গেছে। আজ দেশ মুক্ত করতে হবে, দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে, পাচারকারীদের রুখে দিতে হবে।’
মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা মো: আব্দুস সালাম, অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।










