দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে ।
৮ মে ২০২৩ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব জনাব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক আদেশে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতার কোন প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
দুদক সুত্রে জানা গেছে, উক্ত অব্যাহতিপত্রটি ওই দিনই মন্ত্রিপরিষদ সচিব , জাতীয় সংসদ এবং সরকারের সংশ্নিষ্ট সকল বিভাগে পাঠানো হয়েছে। অব্যাহতিপত্রের একটি কপি জনাব সামশুল হক চৌধুরী এমপি বরাবরেও প্রেরণ করা হয়।
২০১৯ সালে বিভিন্ন পত্রিকায় করা সংবাদের উপর ভিত্তি করে এবং দুদকে বিভিন্ন ব্যাক্তির করা অভিযোগের প্রেক্ষিতে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন হুইপ সামশুলসহ আরো অনেক সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিলেন। দীর্ঘ প্রায় চার বছর অনুসন্ধান করে হুইপ সামশুল হক চৌধুরীর নামে হওয়া সংবাদ এবং অভিযোগের সত্যতার কোন প্রমাণ এবং হুইপের নামে-বেনামে কোনো অবৈধ সম্পদ পাওয়া যায়নি। অভিযুক্ত অন্য এমপিদের দুদক জিজ্ঞাসাবাদ করলেও হুইপ সামশুলকে দুদক কখনো জিজ্ঞাসাবাদ করেননি।
এর আগে গত এপ্রিলে হুইপের বিরুদ্ধে অবৈধ আয়ের অভিযোগ তোলা পুলিশ পরিদর্শক সাইফ আমিনকে আদালত সাজা প্রদান করে। তার বিরুদ্ধে হুইপ আদালতে মিথ্যা তথ্য ছড়ানোর মামলা করেন।
এই ব্যাপারে হুইপ সামশুলকে জানতে চাইলে তিনি বলেন “আমি দেশের আদালত , সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। দুদক যে কোন ব্যাক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করতে পারে তবে সত্যতা নিশ্চিত হওয়া ছাড়া অনুসন্ধানের শুরুতেই মিডিয়ায় প্রকাশ করলে সমাজে সম্মানিত ব্যক্তিদের পারিবারিক, রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মানহানী হয়। তার পরেও আমি দুদককে সুষ্ঠ অনুসন্ধানের জন্য সাধুবাদ জানাই। যারা এইসব মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করেছে তাদেরকে মহান আল্লাহ হেদায়েত দান করুন। সত্যোর জয় সমসময় হয়।”
হুইপ সামশুলকে দুদকের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় পটিয়ার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছে। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামশুজ্জামান বলেন, পটিয়ার উন্নয়নের রুপকার হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র হয়েছে, পটিয়ার সাধারন জনগনকে সাথে নিয়ে তিনি সবসময় এইসব ষড়যন্ত্র মোকাবেলা করেছেন।তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের কোন প্রমাণ পাওয়া যায়নি। এ ক্ষেত্রে সত্যের জয় হয়েছে। এতে তারা খুশি। দুদকের অনুসন্ধানে অব্যাহতি প্রমান করে তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত জননেত্রী শেখ হাসিনার একজন সৎ যোগ্য জনপ্রতিনিধি।








