১৯৯০ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে ঝড় তুলেছিলেন অভিনেতা রাহুল রায়। তারপর ক্রমশ বলিউড থেকে দূরে সরে যান তিনি। ২০২০ সালটা নানা অসুস্থতার মধ্যে দিয়ে কেটেছে তার।
২০২০ সালে ‘এলএসি’ ছবির শুটিং করছিলেন রাহুল রায়। সেই সময়ে শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোক হয়েছিল রাহুলের। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। মস্তিষ্ক ও হৃদ্যন্ত্রে অ্যাঞ্জিয়োগ্রাফি করানো হয়েছিল তার। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাহুল। হাসপাতালে বিল হয়েছিল বড় অঙ্কের! সেই সময়ে তার পাশে এসে দাঁড়ান সালমান খান।
ভাইজানই নাকি সমস্ত বিল মিটিয়ে দিয়েছিলেন। সালমানের প্রতি কৃতজ্ঞতা বজায় রেখে রাহুল বলেন, “সবাই বলে, সালমানের এই দোষ, ওই দোষ। কিন্তু আমার কাছে উনি খুব ভাল মানুষ।”
সাহায্য করলেও তা কখনও সংবাদমাধ্যমের কাছে জানাননি সালমান। বলি তারকার এই বিষয়টিই তার সবচেয়ে পছন্দের বলে জানান ‘আশিকী’ অভিনেতা।
এই সাক্ষাৎকারে রাহুলের সঙ্গে ছিলেন তার বোন প্রিয়াঙ্কা। তিনিই সালমানের প্রসঙ্গ নিয়ে এসেছিলেন। তিনি বলেন, “আমি সালমানকে ধন্যবাদ জানাতে চাই। কারণ যা যা বিল বাকি ছিল, সব সালমান মিটিয়ে দিয়েছিলেন। উনি নিজে ফোন করে জানতে চেয়েছিলেন, কোন সাহায্য লাগবে কিনা। পরে যেটুকু বিল বাকি ছিল, সেটুকুও তিনি এখন মিটিয়ে দিয়েছেন।”
রাহুল অসুস্থ হয়ে পড়ার পরে সেই সময়ে ‘এলএসি’ ছবির পরিচালকও চিকিৎসার খরচ দিয়েছিলেন। তবে বেশিরভাগ টাকাই দিয়েছিলেন সালমান। প্রিয়াঙ্কাও বলেন, “এত সাহায্য করার পরেও সংবাদমাধ্যমকে একটি কথাও বলেননি সালমান। অসাধারণ মনের মানুষ উনি।”








