ওষুধ ও তৈরি পোশাক শিল্পকে শীর্ষে নিয়ে যেতে চাই: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও চ্যানেল আই অনলাইন লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ওষুধ শিল্প এবং তৈরি পোশাক শিল্প দেশের গৗরব উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের শ্রমিক ভাই বোনেরা ও তাদের কর্মকুশলতা বিশ্বকে মুগ্ধ করেছে। এর সাফল্য এখন থমকে আছে। আমরা এই দুই শিল্পকে তাদের সম্ভাব্য শীর্ষে নিয়ে যেতে চাই। দুর্বল করারতো প্রশ্ন উঠেই না।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই দুই শিল্পের কোথায় কোথায় বাধা আছে, সমস্যা আছে সেগুলো চিহ্নিত করে তাকে বাধা মুক্ত করতে চাই। আমরা বিদেশি ক্রেতাদের একত্রিত করে তাদের সহযোগিতা চাইবো, যেন বাংলাদেশের এই শিল্প দুটি বিশ্বের অন্যান্য দেশের চাইতে বেশি আস্থাযোগ্য হয়ে গড়ে উঠতে পারে।
অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, সব কিছুই সম্ভব যদি আমরা শ্রমিক মালিক সম্পর্কটা একটা নির্ভরযোগ্য, আনন্দদায়ক করে গড়ে তুলতে পারি। আমাদের সরকারের প্রথম মাস কাটলো। দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক-মালিক সম্পর্কের সূচনা করতে চাই। এটা দেশের সবার কাম্য। দেশের নতুন প্রজন্ম নির্ভয়ে যেন তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি।






