ভোটার উপস্থিতি ব্যাপক থাকলেও ভোটের গতি ধীর

বৈধ ভোটাররা ভোট কেন্দ্রে উপস্থিত, ভোটের গতি ধীর, ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি থাকলেও ভোট গ্রহণের গতি কিছুটা কম। টঙ্গী দারুস সালাম মাদরাসায় ৩টি বুথে ভোট গ্রহণের প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে যথাক্রমে ৩, ৫ ও ১০টি করে।
ভোট দিতে আসা ভোটারা জানাচ্ছে ইভিএম জটিলতায় বিশেষ করে ফিঙ্গার প্রিন্ট ইভিএম মেশিনে ম্যাচ না করায় ভোট দিতে ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
দারুস সালামের এই কেন্দ্রে আবার তিনটা বুথের মধ্যে দুইটা বুথের তিনটা ইভিএম মেশিন সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে গেলে ভোট গ্রহণ বিঘ্নত হয়। তবে অল্প সময়ের মধ্যে তা ঠিক করা হয়।
যে বুথে দুইটা ইভিএম মেশিন সচল ছিলো সেখানে বাড়তি ভোটারের চাপে ভোটাররা ঢুকতে পারছিলেন না। যে কারণে ঐ বুথে ১ ঘন্টায় মাত্র ৩টা ভোট পড়ে।
এ প্রসঙ্গে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জাকির হোসেন তালুকদার জানান: ভোটারদের পায়ে জড়িয়ে ইভিএম মেশিন থেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। দ্রুত সময়ের মধ্যে তা ঠিক করে নেওয়া হয়েছে।
এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরুর দু’ঘন্টা আগ থেকেই ভোটাররা ভোট কেন্দ্রের সামনে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা গেছে।
ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত৷ এবারের পুরো ভোট গ্রহণ হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
সকাল ৬টায় ভোট দেওয়ার জন্য দাঁড়ানোর কারণ হিসেবে ভোটাররা জানিয়েছেন: তাদের কাজ থাকায় সকাল সকাল ভোট দিতে এসেছেন। পরে যেন ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি এড়াতেই সকাল সকাল এ উপস্থিতি।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ১৯টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসনে ৭৮ জন এবং ৫৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের ২৪৩ জন সহ মোট ৩২৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলিয়ে প্রায় ২০ হাজার সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছে। নির্বাচনে একজন মেয়র, ৫৭টি সাধারণ ওয়ার্ডে ৫৭ জন সাধারণ কাউন্সিলর ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে ১৯ জন নারী কাউন্সিলর নির্বাচিত হবে। অবশ্য এদের মধ্যে একজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকার ৪৮০টি ভোটকেন্দ্রে তিন হাজার ৪শ ৯৭টি ভোট কক্ষ থাকবে। সিটি করপোরেশনের ১১ লাখ ৭৯ হাজার ৪শ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদের মধ্যে পুরুষ পাঁচ লাখ ৯২ হাজার ৭শ ৪৭ জন, নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬শ ৯৮ এবং ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। নির্বাচনে ১০ হাজার ৯শ ৭১ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৪শ ৮০ জন প্রিসাইডিং অফিসার, তিন হাজার ৪শ ৯৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ছয় হাজার ৯শ ৯৪ জন পোলিং অফিসার। সিটি এলাকার ৩শ ৩৩টি প্রতিষ্ঠানে ৪শ ৮০টি ভোটকেন্দ্র স্থাপন করার জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৯৪টি প্রতিষ্ঠানে ২টি করে ভোটকেন্দ্র, ১৬টি প্রতিষ্ঠানে তিনটি করে ভোটকেন্দ্র, ৯টি প্রতিষ্ঠানে চারটি করে ভোটকেন্দ্র এবং একটি প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র আছে।



