জানুয়ারির শুরুতে আলোচনায় আসে ভিনিসিয়াসকে পেতে কাড়ি কাড়ি অর্থ খরচ করতে রাজি সৌদি প্রো লিগ। আলোচনায় হাওয়া লাগায়নি লা লিগার রিয়াল মাদ্রিদ। অর্থের চেয়ে ব্রাজিলীয় তারকা গৌরব অর্জনেই বেশি মনযোগী, বলছেন ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি।
খবরে আসে, সৌদিরা ভিনিসিয়াসকে পেতে প্রতি মৌসুমে ২০০ মিলিয়ন ইউরোতে পাঁচ বছরের চুক্তির পাশাপাশি ৩০০ মিলিয়ন ট্রান্সফার ফি দিতে ইচ্ছুক। তবে এসবে এগোতে রাজি নয় রিয়াল।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রথমপর্বের শেষ ম্যাচে বুধবার ব্রেস্তের বিপক্ষে নামনে রিয়াল। এই রাউন্ডে ৩৬ দলের ১৮ ম্যাচের সবগুলো শুরু হবে একই সময়ে, বাংলাদেশ সময় রাত ২টায়।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন আনচেলত্তি। ওঠে ভিনি প্রসঙ্গ। প্রশ্ন যায় ভিনির সৌদি লিগে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার বিষয়টি তিনি বুঝতে পারবেন কিনা। ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমি ফুটবলের সবকিছুই বুঝি। টনি ক্রুসের ফুটবল থেকে অবসর নেয়ার বিষয়টি (গত গ্রীষ্মে) বুঝতে পেরেছিলাম। অনেকেই এটা বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। আমি সবকিছুই বুঝতে পেরেছি।’
‘সে (ভিনিসিয়াস) রাজি হবে কিনা এগুলো আসলে ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আমার কাছে, খেলোয়াড় ভিনিসিয়াস এখানেই দারুণ খুশি। রিয়ালের হয়ে শিরোপা জয়ের দিকে তার মনোযোগ এবং রোমাঞ্চিত। আমার মনে হয় সে অর্থের চেয়ে গৌরব বেছে নেয়ার কথাই ভাবছে।’








