রিয়াল মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে বড় এক ব্যানার নিয়ে ঢুকে পড়েছিল ম্যানচেস্টার সিটি সমর্থকরা। যাতে লেখা ছিল, গত মৌসুমের ব্যালন ডি’অরজয়ী রদ্রির হাতে সোনালি ট্রফি ও সঙ্গে বড় করে লেখা- ‘কান্নাকাটি করে বুক ভাসিও না।’ মূলত ভিনিসিয়াসের দিকে ইঙ্গিত করা হয়েছে এটি দিয়ে। এসবে ভিনিসিয়াস অবশ্য হতাশ নন। উল্টো ম্যাচ জয়ের রসদ জুগিয়েছেন ওই ব্যানার, বলেছেন রিয়াল তারকা।
ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে যাওয়ার প্লে-অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল। জয়ে রাউন্ড অব সিক্সটিনের পথে এক পা এগিয়ে রাখল লা লিগার দলটি। ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগে লস ব্লাঙ্কোদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে পেপ গার্দিওলার দল।
১৯৯১ সালে ম্যানচেস্টারেই জন্ম নেয়া ব্যান্ড ‘ওয়েসিস’র বেশ বিখ্যাত গান হল ‘স্টপ ক্রাইং ইউর হার্ট আউট’, এই কথাগুলো একটি গান থেকে নেয়া হলেও এখানে তা কাজে লাগানো হয়েছে ভিনিসিয়াসকে খোঁচা দেয়ার জন্য।
ম্যান অব দ্য ম্যাচের ট্রফি জিতে ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস বলেছেন, ‘আমি দেখেছি এটা (ব্যানার)। প্রতিপক্ষ সমর্থকরা যখন এরকম কিছু করে, সবসময়ই আমাকে তা আরও বেশি শক্তি জোগায় দারুণ খেলতে এবং এখানে সেটিই করতে পেরেছি। সিটি তো আমাদের ইতিহাস জানেই, তাদের জানার কথা, এই প্রতিযোগিতায় আমরা কী করেছি।’
ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা অবশ্য বলেছেন অন্য কথা। তিনি ব্যানারটি দেখেননি বলেছেন। তবে ভিনিসিয়াস যে অসাধারণ ফুটবলার, তা বলেছেন স্পেনিয়ার্ড কোচ।








