কাতার বিশ্বকাপের পর থেকেই ছন্দে নেই ব্রাজিল। ২০২৬ সালের বিশ্বকাপের বাছাইয়ে আট ম্যাচ খেলে পাঁচটিতেই পয়েন্ট হারিয়েছে তারা। এর মধ্যে চারটিতেই হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সেলেসাও দল। সবশেষ প্যারাগুয়ের বিপক্ষেও জয়ের মুখ দেখেনি ভিনিসিয়াস জুনিয়র বাহিনী। এমন হারের পর এবার ক্ষমা চাইলেন ভিনি, শোনালেন ঘুরে দাঁড়ানোর আশার বাণী।
গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার প্যারাগুয়ের ঘরের মাঠ চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ১-০ গোলে হেরেছে ডোরিভাল জুনিয়রের দল। প্যারাগুয়ের হয়ে একমাত্র গোলটি করেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড ডিয়েগো গোমেজ।
ম্যাচের পর ২৪ বর্ষী ভিনিসিয়াস বলেছেন, ‘ভক্ত-সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, যারা সবসময় আমাদের পাশে থাকে। তবে একটি কথা স্বীকার করতেই হবে, আমরা একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের এখন উন্নতি করতে হবে। আমার সম্ভাবনা সম্পর্কে জানি, জাতীয় দলের কতটুকু করতে পারব সেটিও আমি জানি। তবে আপনি যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন তখন সেখান থেকে বের হয়ে আসা খুব কঠিন। এমন পরিস্থিতে গোল কিংবা সতীর্থদের দিয়ে গোল করানোও কঠিন হয়ে যায়।’
‘আমি জানি কোথায় আমাদের উন্নতি করতে হবে। এখানে আমি জাতীয় দলের প্রতিনিধিত্ব করছি। এখানে আমার ভালো থাকা মানে অন্যরাও মানসিক শান্তি পাবে। এখানে আমার দায়িত্বটাও অনেক, তাই যত দ্রুত সম্ভব উন্নতি করতে চাই।’
গত বছরের শেষ দিকে শুরু হওয়া এবারের বাছাইপর্বে প্রথম দুটি ম্যাচ জয়ের পর টানা তিন ম্যাচ হেরে বসে ব্রাজিল। তার পরের ম্যাচটা করে ড্র। সব মিলিয়ে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।








