সপ্তাহ দুয়েক আগে আনুষ্ঠানিকভাবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হয়। যেখানে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে সেরা ফুটবলারের পুরস্কার জেতেন স্পেনিয়ার্ড তারকা রদ্রি। প্রায় দুই সপ্তাহ পর সেই পয়েন্ট তালিকা প্রকাশ করেছে আয়োজক ‘ফ্রান্স ফুটবল সাময়িকী’।
যেখানে রদ্রির কাছে ৪১ ভোটে পিছিয়ে ছিলেন মৌসুম জুড়ে ব্যালন ডি’অরের দৌড়ে আলোচনায় থাকা ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড পেয়েছেন ১১২৯ পয়েন্ট। স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ পয়েন্ট।
তৃতীয় স্থানে থাকা জুড বেলিংহাম পেয়েছেন ৯১৭ ভোট। দানি কারভাহাল ৫৫০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন। এরপর আছেন যথাক্রমে আর্লিং হালান্ড (৪৩২), কাইলিয়ান এমবাপে (৪২০), লৌতারো মার্টিনেজ (৪০২), লামিন ইয়ামাল (৩৮৩), টনি ক্রুস (২৯১) ও হ্যারি কেন (২০১)।
বর্ষসেরা ফুটবলারকে পুরস্কৃত করতে ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর সম্পাদকীয় দল ৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা ঠিক করে দেয়। তালিকা থেকে সেরা খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব পড়ে সাংবাদিকদের। তারা পছন্দের ক্রমানুসারে মোট পাঁচজনকে ভোট দিতে পারেন। পরে ভোটের গড় ফলে বেছে নেয়া হয় ব্যালন ডি’অর জয়ীকে। ছেলেদের জন্য ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম ১০০ ও মেয়েদের জন্য ৫০টি দেশের সাংবাদিক অংশগ্রহণ করেন।
ব্যালন ডি’অর প্রদানের ক্ষেত্রে নির্বাচকরা আগে খেলোয়াড়দের অতীত পারফর্মও বিবেচনায় আনতেন। নতুন নিয়মে শুধু এক মৌসুমের (আগস্ট থেকে পরবর্তী আগস্ট পর্যন্ত, আন্তর্জাতিক প্রতিযোগিতাসহ) পারফরম্যান্স বিবেচ্য। সম্মানজনক পুরস্কার প্রদানে পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়ের মান এবং খেলোয়াড়ি চেতনাও বিবেচনায় আনা হয়।








