বরাবরই বেশ বন্ধু সুলভ হাস্যোজ্জ্বল মেজাজে থাকেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তবে মঙ্গলবার (৭ মে) মুম্বাইয়ের রাস্তায় বরুণকে দেখা গেল অন্য মেজাজে। যে মেজাজে আগে কখনও দেখা মেলেনি তার।
মঙ্গলবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, মুম্বাইয়ের একটি ক্লিনিকে ঢুকছিলেন তিনি। আর সেই সময়তেই পাপারাজ্জিরা অনুসরণ করা চালিয়ে গেলে, মেজাজ হারিয়ে ফেলেন বরুণ। বেশ বিরক্ত হন, যা তার কথা থেকেই স্পষ্ট।
ভিডিওটিতে বরুণকে তার গাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। যেখানে তিনি একটি ক্লিনিকের দিকে যাচ্ছিলেন, কিন্তু তার ভিতরে যাওয়ার আগেই তিনি ক্যামেরাম্যানদের দিকে ফিরে তাকান। কেননা সেই সময় সকলে মিলে তার নাম নিয়ে চিৎকার করে চলেছিল একটা ছবি পাওয়ার আশায়।
ঠিক তখনই বিরক্তি গলায় মাখিয়েই বরুণ জানতে চান, ‘তুইও কি ভিতরে আসতে চাস?’ যার উত্তরে পাপারাজ্জিদের বলতে শোনা যায়, ‘নাহ নাহ’!
বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল বর্তমানে অন্তঃসত্ত্বা। কদিন আগেই ছিল তার বেবি শাওয়ার। সুতরাং ধারণা করাই যাচ্ছে যে, আর অল্প কিছুদিনের মধ্যেই কোলে আসবে বরুণ-নাতাশার সন্তান। সেই জন্যই হয়ত অভিনেতার ক্লিনিকে যাওয়া।
তবে অভিনেতার এমন ব্যবহারে চমকে নেট-নাগরিকরা। যারই প্রতিক্রিয়া জানিয়ে এক নেট-নাগরিক লিখেছেন, ‘বোঝা যাচ্ছে বেশ টেনশনে আছেন অভিনেতা। আরে একটু তো একা ছাড়ো।’ দ্বিতীয় জনের মন্তব্য, ‘সত্যিই এই পাপারাজ্জি কালচার দমবন্ধ করে রাখে। যে কেউ রেগে যাবে।’ আরেকজন লিখেছেন, ‘বরুণ তো কখনও এমন করে না! কী মিষ্টি ব্যবহার ওর পাপারাজ্জিদের সঙ্গে। সব ঠিক আছে তো?’- বলিউড শাদিস








