ইরানের ভূখণ্ডে ইসরায়েলের চালানো হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
রয়টার্স জানিয়েছে, গতকাল (১৯ এপ্রিল) শুক্রবার ইতালির ক্যাপ্রিতে জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই দাবি করেছেন।
ব্লিংকেন জানান, হামলার কিছুক্ষণ আগে ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনকে অবহিত করা হয়েছিল, এমন কথার কোনো সত্যতা নেই। এসময় ইরান ও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।
ক্যাপ্রিতে জি-সেভেন মন্ত্রী পর্যায়ের বৈঠকে ইটালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি অবশ্য জানিয়েছেন, ইসরায়েল শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রকে হামলার বিষয়ে অবহিত করেছে।
অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রতিশোধের বিপজ্জনক চক্র বন্ধ করার এখনই উপযুক্ত সময়।








