তিন দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনী জাহাজ ইউএসএস ফ্লিটসজেরাল্ড (USS FITZGERALD) বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে।
আজ বুধবার ৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছায়। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা আবু উবাইদাহ্ সফরকারী জাহাজটিকে অভ্যর্থনা জানায়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বুধবার বিকেলে বিষয়টি জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকারী জাহাজের কর্মকর্তাদের সাথে নৌবাহিনীর কর্মকর্তাগণ পারস্পারিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর সদস্যগণ পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। পারস্পরিক কার্যক্রম এবং পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সমন্বয় ঘটবে। এর ফলে নৌবাহিনীদ্বয়ের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। সেই সাথে উন্নত বিশ্বের নৌ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নৌবাহিনীর উৎকর্ষ সাধনে বেগবান হবে।
আইএসপিআর আরও জানায়, শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। জাহাজটি সফর শেষে আগামী চলতি মাসের ১০ তারিখে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
সফরকালে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে ২০২২ সালেও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে আগমন করে বলে জানিয়েছে আইএসপিআর।








