সাংস্কৃতিক সংরক্ষণে অনুদান দেবে মার্কিন দূতাবাস, আবেদন প্রক্রিয়া শুরু

যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল লোগো, ঢাকায় অবস্থিত, যা সাংস্কৃতিক সংরক্ষণে অনুদান ও সহযোগিতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ‘ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ বা সাংস্কৃতিক সংরক্ষণের জন্য অনুদানের ঘোষণা দিয়ে আবেদন গ্রহণ করছে।
রোববার ১৯ নভেম্বর ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন গ্রহণের কথা জানায়। এতে বলা হয়, আগামী ১৫ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ পর্যন্ত আবেদন করা হবে।
ঐতিহাসিক ভবন, প্রত্নতাত্ত্বিক স্থান, পাণ্ডুলিপি, জাদুঘরের সংগ্রহশালা এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অভিব্যক্তি যেমন আদিবাসীদের ভাষা এবং কারুশিল্পসহ দৃশ্যমান এবং বিমূর্ত ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করেছে মার্কিন দূতাবাস। ২০০১ সালে চালু হওয়ার পর থেকে এএফসিপি বিশ্বের ১২০টিরও বেশি দেশে এক হাজারের বেশি প্রকল্পকে সমর্থন করেছে।
বাংলাদেশে এএফসিপি গত ১২ বছরে ১২টি প্রকল্পের জন্য আট কোটি ৮১ লাখ ৬৫ হাজার টাকার বেশি তহবিল প্রদান করে। চলতি আয়োজনে অনুদানের ব্যাপ্তি ১০ হাজার থেকে পাঁচ লাখ ইউএস ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ এক থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে।
এএফসিপি ২০২৪ অনুদান কর্মসূচির বিস্তারিত এবং আবেদনের প্রয়োজনীয় শর্ত জানতে দূতাবাসের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে। এছাড়াও আবেদন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্নের জন্য, অনুদান ব্যবস্থাপনা দলের সাথে DhakaGrants@state.gov ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।






