যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনেকটা শেষের পর্যায়ে। ইতোমধ্যেই বিভিন্ন রাজ্যের ফলাফল আসতে শুরু করেছে। প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বুথ ফেরত জরিপে এখন পর্যন্ত কমলা হ্যারিসের থেকে এগিয়ে রয়েছেন। শুধু তাই না, দেশটির আইনসভার সিনেটে (উচ্চকক্ষ) ইতিমধ্যে জয় নিশ্চিতের পাশাপাশি হাউস অফ রিপ্রেজেনটেটিভসে (নিম্নকক্ষ) বিশাল ব্যবধানে এগিয়ে আছে রিপাবলিকানরা।
বিবিসি জানিয়েছে, বুথ ফেরত জরিপে এখন পর্যন্ত সিনেট রিপাবলিকানরা পেয়েছে ৫০ আসন এবং ডেমোক্র্যাটরা পেয়েছে ৪১ আসন।
এছাড়া নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকান পার্টি পেয়েছে ১৮২টি আসন। আর ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ১৫২টি আসন।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্ট্রোরাল ভোটের দিক থেকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। তিনি পেয়েছেন ২৩০ ইলেক্টোরাল কলেজ ভোট। আর ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৮২ ইলেক্টোরাল ভোট।
প্রেসিডেন্ট হতে উভয় প্রার্থীর জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। তবে গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোর ফলাফল আসতে সময় লাগতে পারে।







