ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার সম্প্রতি রাজধানীতে সুশীল সমাজের প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান।
সোমবার (১৬ অক্টোবর) রাতে বৈঠকের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
রাজধানীর একটি হোটেলে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, একটি সাবলীল সুশীল সমাজ যখন সুরক্ষিত এবং সমৃদ্ধ হয় তখন সরকার আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে কাজ করে। সুশীল সমাজের চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। আমরা এই প্রচেষ্টাকে স্বাগত জানাই।
বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধি দলে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ছাড়াও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।







