দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে এ প্রতিনিধি দল আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে।
আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের নেতা ব্রেন্ট নেইম্যানকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো ঢাকায় এলো যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এ প্রতিনিধি দল। দলে মার্কিন পররাষ্ট্র দপ্তর, অর্থ দপ্তর, ইউএসএআইডি এবং বাণিজ্য দপ্তরের প্রতিনিধিরা থাকবেন।
এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু থাকছেন এ দলে। তবে ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না। তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে। সেখানে যৌথভাবে সভাপতিত্ব করবেন ওয়াশিংটন ও দিল্লির মধ্যকার প্রতিরক্ষাবিষয়ক ইন্টারসেশনাল সংলাপে।
বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকা, দিল্লি ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।







