আন্তর্জাতিক জলসীমায় একটি নৌকায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলায় চারজন নিহত হয়েছে। এ নিয়ে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে মার্কিন সেনাবাহিনীর ২০তম হামলা চালানো হলো।
শনিবার (১৫ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মার্কিন দক্ষিণ কমান্ড শুক্রবার এক্সে এক পোস্টে জানিয়েছে, ‘নৌকাটি মাদকদ্রব্য পাচার করছিল বলে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হামলার অনুমতি দিয়েছিলেন।’ তবে নৌকাটি যে মাদক পাচার করছিল তার কোনো প্রমাণ ছিল না।
আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা বারবার বলেছেন, মাদক পাচারের অভিযোগ থাকলেও এই ধরনের আক্রমণ বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের সমান।
ট্রাম্প প্রশাসনের নির্দেশে সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় এবং ল্যাটিন আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সন্দেহভাজন মাদকবাহী জাহাজের বিরুদ্ধে কমপক্ষে ২০টি সামরিক হামলা চালানো হয়েছে। এতে প্রায় ৮০ জন নিহত হয়েছে।
সদ্য প্রকাশিত রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, দক্ষিণ আমেরিকায় মার্কিন সামরিক অভিযান মার্কিন জনগণের কাছে জনপ্রিয় নয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ২৯ শতাংশ বলেছেন, তারা সন্দেহভাজন পাচারকারীদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করেন এবং মাত্র ২১ শতাংশ বলেছেন, তারা ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপকে সমর্থন করেন।









