আহমদীয়াদের জাতীয় কেন্দ্রে মার্কিন রাষ্ট্রদূত

আহমদীয়াদের জাতীয় কেন্দ্রে মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
সম্প্রতি আহমদীয়াদের ওপর বর্বরোচিত আক্রমণের ঘটনায় সমবেদনা ও উদ্ভুত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। রোববার (২০ মার্চ) বিকেলে ঢাকার বকশিবাজারস্থ আহমদীয়া মুসলিম জামা’ত জাতীয় কেন্দ্র পরিদর্শন করে তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং আহমদীয়া মুসলিম জামা’তের প্রতিক্রিয়া জানতে চান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আহমদীয়া নেতৃবৃন্দ মার্কিনদূতকে বলেন, আহমদীয়া বিরোধী আন্দোলন মূলতঃ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। মৌলবাদী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সসস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এই দেশকে পুণরায় পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নেয়ার উদ্দেশ্যে দেশী ও বিদেশী চক্র দেশকে অস্থিতিশীল করার কাজে লিপ্ত রয়েছে।
এসময় রাষ্ট্রদূত খুব শিঘ্রই পঞ্চগড়ের আহমদীদের অবস্থা সরেজমিনে দেখতে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এর আগে রাষ্ট্রদূত আহমদীয়া মুসলিম জামা’ত কর্তৃক ৭৫টি ভাষায় প্রকাশিত পবিত্র কুরআন মজিদের একটি দূর্লভ প্রদর্শনী দেখেন এবং মন্তব্য খাতায় অভিমত ব্যক্ত করেন।
আলোচনায় দূতাবাসের পক্ষে অংশগ্রহণ করেন মানবাধিকার সংক্রান্ত কর্মকর্তা সোফিয়া মিউলেনবার্গ, কামরুল এইচ খান এবং আহমদীয়া মুসলিম জামা’তের পক্ষে ন্যাশন্যাল আমীর মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী, নায়েব ন্যাশন্যাল আমীর প্রবীন স্থপতি প্রফেসর মীর মোবাশ্বের আলী এবং বহিঃসম্পর্ক, গণযোগাযোগ, প্রেস ও মিডিয়া বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরী।







