বিন্নাগুড়ি গণহত্যা ও গণকবরের অজানা ইতিহাস

বিন্নাগুড়ি রেলস্টেশনের সাইনবোর্ড, বাংলাদেশের একটি রেলপথের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
১৯৭১ সালের ২৩ এপ্রিল দিনটি ছিল শুক্রবার। ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরি ইউনিয়নের বিন্নাগুড়ি গ্রামে ঘটেছিল ইতিহাসের বর্বরতম গণহত্যা। ঠাকুরগাঁও সদর থেকে ২১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ১৮ নম্বর শুখানপুকুরি ইউনিয়নের একটি গ্রামের নাম বিন্নাগুড়ি।
১৯৭১ সালের ২৩ এপ্রিল স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী এই গ্রামে নির্মম গণহত্যা সংঘটিত করে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর প্রথমিক অবস্থায় মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ব্যবস্থা দেখে ভীত হয়ে অনেকেই তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়নি। কিন্তু যখন মুক্তিযোদ্ধারা তাদের ডিফেন্স উঠিয়ে চলে যায় এবং পাকিস্তানি হানাদার বাহিনী ঠাকুরগাঁও শহর দখল করে এলাকার পর এলাকায় অগ্নিসংযোগ, গণহত্যা সংঘটিত করে তখন ঠাকুরগাঁওয়ের আশপাশের এলাকার মানুষ গ্রামের রাস্তা ধরে সীমান্তের ওপারে চলে যাওয়ার চেষ্টা করে।
পথে তারা অনেকেই পাকিস্তানি সৈন্য ও স্থানীয় রাজাকারদের অত্যাচার ও হত্যার শিকার হন। অনেকে আবার পৈতৃক ভিটা আকড়ে নিজ গ্রামেই অবস্থান করেন। এসব মানুষের অনেকেই পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার শিকার হন।
বিন্নাগুড়ি গণহত্যায় পাকিস্তানি হানাদার বাহিনীর মূল লক্ষ্য ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষদের আক্রমণ করা। বিন্নাগুড়ি গ্রামে বসবাসকারী প্রায় সকল মানুষই ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং প্রভাবশালী। পূর্ব পাকিস্তানে হিন্দু জনগোষ্ঠির বিরুদ্ধে ব্যাপকভাবে সহিংসতা পরিচালিত হয়। মূলত, হিন্দুদেরকে বিতাড়ন ও ভারতীয় প্রভাব থেকে মুক্ত রাখতে পাকিস্তানি সৈন্যরা হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে হত্যা করা শুরু করে।
তারা ভেবেছিল, হিন্দুদেরকে বিতাড়িত করার মাধ্যমে পূর্ব পাকিস্তানে অবস্থানরত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মধ্যে প্রভাব ফেলবে। এ সময়ে ব্যাপক হারে হিন্দু সম্প্রদায়ের পুরুষদের হত্যা করা হয়। পাশাপাশি নারীদের উপর নানারকম নির্যাতনসহ ধর্ষণও করা হয়। বিন্নাগুড়ি হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে এখনও শিউরে ওঠেন সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা।
২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় বিকেল ৪টার দিকে বিন্নাগুড়ি গ্রামে আক্রমণ করে। তারা বিন্নাগুড়ি গ্রামে আক্রমণের আগে সকাল বেলায় পাশের গ্রাম জাঠিভাঙ্গা, ঢাবঢুব বিল, ময়নাপাড়ায় আক্রমণ করে এবং ব্যাপকহারে নির্যাতন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এবং গণহত্যা সংঘটিত করে। জাঠিভাঙ্গা গ্রামটি বিন্নাগুড়ি গ্রামের পাশে হওয়ায় সকাল থেকেই বিন্নাগুড়ি গ্রামের মানুষজন জাঠিভাঙ্গার ঘরবাড়িতে আগুন দেখতে পায় এবং গুলির আওয়াজ শুনতে পায়।
দুপুর ১/২ টার দিকে দেখা যায় বিন্নাগুড়ি গ্রামের রাস্তা দিয়ে জাঠিভাঙ্গা, ময়নাপাড়া, ঢাবঢুব বিলের আশপাশের অনেক মানুষ দলে দলে সাতভেন্ডি, বোদা ও পঞ্চগড়ের দিকে যাচ্ছে। এদের সাথে বিন্নাগুড়ি গ্রামের অনেকে কথা বলে জানতে পারে সকাল থেকে জাঠিভাঙ্গা, ঢাবঢুব বিল, ময়নাপাড়ার আশপাশের গ্রাম গুলিতে পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকাররা বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, মানুষের উপর নির্যাতনসহ, ব্যাপকভাবে গণহত্যা পরিচালনা করছে।
এজন্য তারা বাড়িঘর ছেড়ে ভারতের উদ্দেশে রওনা হয়েছে। জাঠিভাঙ্গা থেকে বিন্নাগুড়ি গ্রামের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার এবং গ্রামের পথ অনেক দুর্গম। তাই বিন্নাগুড়ি গ্রামের বাসিন্দাদের ধারণা ছিল এই দুর্গম পথে পাকিস্তানি হানাদার বাহিনী আসবে না। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করে বিকেল ৪টায় পাকিস্তানি হানাদার বাহিনী বিন্নাগুড়ি গ্রাম আক্রমণ করে। বিকেল ৪টার দিকে আর্মি ভর্তি একটি ট্রাক এসে দাঁড়ায় বিন্নাগুড়ি গ্রামের বোচার দ্বারা খালের পাড়ে। ট্রাকে ২৫ থেকে ৩০ জন আর্মি ও কয়েকজন স্থানীয় রাজাকার ছিল। ট্রাক থেকে নেমেই পাকিস্তানি হানাদার বাহিনী খাল পার হয়ে গ্রামে প্রবেশ করতে শুরু করে।
গ্রামে প্রবেশ করেই তারা গ্রামের বিভিন্ন জায়গা থেকে নিরীহ মানুষদের ধরতে শুরু করে। পাকিস্তানি হানাদার বাহিনী ও স্থানীয় রাজাকাররা গ্রামের অনেক বাসায় অগ্নিসংযোগ ও লুটপাট করে। তারা গ্রামের বিভিন্ন জায়গা থেকে ১৫ জনকে ধরে আনে এবং একটি জায়গায় জড়ো করে। এদের মধ্যে ১১ জনকে একটি খড়ের ঘরের মধ্যে নিয়ে গুলি করে এবং পরে ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। গুলি করার পরও কয়েকজন বেঁচে ছিলেন। তাদের আত্মচিৎকার বিন্নাগুড়ির আকাশে-বাতাসে প্রতিধ্বনিত হয়। বাকি চারজনকে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়।
সেদিন পাকিস্তানি সৈন্যরা বিন্নাগুড়ি গ্রামে কোন নারীর উপর নির্যাতন করেনি। পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর স্থানীয় রাজাকার জহুর আলী যখন ডাক্তার বেন্দল চন্দ্র বর্মনকে তার বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে আনছিল, তখন বেন্দল ডাক্তার চিৎকার দিয়ে বলছিলেন, ‘জহুর আলী আমি কিছুক্ষণ আগে তোর ছেলের চিকিৎসা করে আসলাম। তোর ছেলেকে ইনজেকশন দিয়ে বাঁচাইলাম। আর তুই আমাকে খান সেনাদের হাতে তুলে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিস।’ সেদিন বেন্দল ডাক্তারের কোন কথাই কানে পৌঁছায়নি জহুর আলীর। বেন্দল ডাক্তারকে আরও অনেকের সাথে গুলি করে ঘরের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়।
২৩ এপ্রিল বিন্নাগুড়ি গ্রামে আরও অনেকের সাথে শহিদ হন ক্ষীরণারায়ণ। পাকিস্তানি সৈন্যরা চলে যাওয়ার পর যখন ক্ষীরণারায়ণের পরিবার জঙ্গলের আড়াল থেকে বের হয়ে পোড়া ঘরটির কাছে যায়। তখনও সেখানে ধোঁয়া উঠছিল।
ক্ষীরণারায়ণের ছেলের বৌ ফাল্গুনীর বর্ণনায় জানা যায়, ফাল্গুনীরা যখন ক্ষীরণারায়ণের কাছে যায় তখন ক্ষীরণারায়ণসহ অন্যদের শরীর ছিল মাছ পোড়ার মতো। ক্ষীরণারায়ণের মুখ ছিল হা করা। অন্যদের শরীরও ছিল বিভৎস।
বিন্নাগুড়ি গণহত্যার জায়গাটি বর্তমানে মালিক ইদ্রিস আলীর। ১৯৭১ সালে জায়গাটির মালিক ছিলেন সেকেন্দার আলী। গণহত্যার পর পাকিস্তানি সৈন্যরা একটি ঘরে আগুন লাগিয়ে চলে যায়। দ্বগ্ধ, অর্ধদ্বগ্ধ লাশগুলো প্রায় এক সপ্তাহ পড়ে ছিল। এক সপ্তাহ পরে সাতভেন্ডি, বোদা, পঞ্চগড়ের কিছু মুসলমান মানুষ এসে লাশগুলোর উপর সামান্য মাটি চাপা দেয়।
দেশ স্বাধীনের পর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য মাথার খুলি, হাড়-হাড্ডি। পরে স্থানীয় জনগণ মিলে খুলি, হাড়-হাড্ডিগুলো একত্রিত করে গণহত্যার জায়গাটির পাশে একটি গর্ত করে জমা দেয়। বর্তমানে এই গণহত্যা ও গণকবরের জায়গাটিতে চাষাবাদ করা হয়।
২০২০ সালে ইদ্রিস আলীর মা মারা গেলে তাকে গণহত্যার (যে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল) জায়গাটিতে কবর দেওয়া হয়। কবর দেওয়া হয় গণকবরের স্থানে। কেউ না বলে দিলে বোঝাই যায় না এটি একটি গণকবর।
শহিদ সন্তান ও শহিদ পরিবারের সদস্যরা দীর্ঘ ৫১ বছর ধরে অপেক্ষায় আছেন এই গণকবরে একটি স্মৃতিস্তম্ভ তৈরির জন্য। বিলাস চন্দ্র বর্মনসহ অন্যান্য শহিদ সন্তনরা সমাজের অধিপতিসহ সরকারি-বেসরকারি অনক অফিসে অনেকবার আবেদন করেছেন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করার জন্য কিন্তু কোথাও থেকে কোন সাড়া পাননি।
স্থানীয় লোকদের ভাষ্যমতে, প্রত্যেক বছর ১৬ ডিসেম্বর এবং ২৬ মার্চ আসলে সাংবাদিকরা যান, সাক্ষাৎকার নেন, প্রতিশ্রুতি দেন শহিদদের তালিকায় তাদের স্বজনদের নাম অন্তর্ভুক্ত করাবে এবং গণহত্যার জায়গায় একটি স্মৃতিস্তম্ভ করে দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু এখন পর্যন্ত কোন কিছু বাস্তবায়ন হয়নি।
১৯৭১ সালের ২৩ এপ্রিল শুক্রবার পাকিস্তানি হানাদার বাহিনী এক নির্মম গণহত্যা সংঘটিত করে শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব বিন্নাগুড়ি গ্রামে। পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহযোগিতায় এই নির্মম গণহত্যা সংঘটিত করে। পাকিস্তানি হানাদার বাহিনী সেদিন বেলা ৩টা থেকে ৪ টার দিকে পূর্ব বিন্নাগুড়ি গ্রামে আক্রমণ চালিয়ে গ্রামের বিভিন্ন জায়গা থেকে ২১ জন পুরুষকে ধরে আনে। এদের মধ্যে ১১ জন পুরুষকে সেকেন্দার আলীর (ভাটিয়া) একটি ছনের ঘরের ভিতরে নিয়ে প্রথমে গুলি করে পরে ঘরের ভিতরে সকলকে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়।
গুলি করার পরও যারা বেঁচে ছিলেন তাদের আত্মচিৎকারে বিন্নাগুড়ির বাতাস ভারী হয়ে ওঠে। বাকি চারজন পুরুষকে কেটুলাল বর্মনের বাড়ির পাশে বাঁশঝাড়ের নিকট নিয়ে গুলি করে হত্যা করে।
বিন্নাগুড়ি গ্রাম গণহত্যায় যাদের গুলি করে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয় তারা হলেন-
ক্রমিক নং, নাম, বয়স, পিতা/স্বামীর নাম, ঠিকানা-
১ বেন্দল চন্দ্র বর্মন (৭২), সুদাম চন্দ্র বর্মন। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
২ সুরেন্দ্র নাথ রায় (৬২), শিবকান্ত রায়। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
৩ হরনারায়ণ (৬৫), দেবানন্দ। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
৪ ধর্মনারায়ণ বা হাকিম বানিয়া (৭৫), দেবানন্দ বর্মন। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
৫ ননী মোহন (৩০), ধর্মনারায়ণ। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
৬ দ্বিজমোহন শর্মা (৬৫), জগমোহন শর্মা। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
৭ আয়নাথ বর্মন (৬৫), বিদ্যানাথ বর্মন। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
৮ ক্ষীরনারায়ণ (৭৫), গুলু বর্মন। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
৯ চিন্তারাম বর্মন চিন্ডুরাম (৭২) হরলাল বর্মন। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
১০ নীলকান্ত বর্মন (৫০), ভোলা রায়। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
১১ ধনিচরণ বর্মন (৬৫), সনুরাম। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
বিন্নাগুড়ি গণহত্যায় শহিদ অন্য চারজন হলেন-
১ কেটুলাল বর্মন (৭৩), যাদব বর্মন। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
২ সদামোহন বর্মন (৭৬), নন্দ বর্মন। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
৩ কোকই বর্মন (৫৫), ধর্ম নারায়ণ বর্মন। পূর্ব বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
৪ টেপেরু (৬০), বর্মন লাল্ট। দক্ষিণ বিন্নাগুড়ি, শুখানপুকুরী, ঠাকুরগাঁও।
১৯৭১ সালের ২৩ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় শুখানপুকুরি ইউনিয়নের বিন্নাগুড়ি গ্রামে এক নারকীয় হত্যাযজ্ঞ সংঘটিত করে। এই গণহত্যায় শহিদ হন বিন্নাগুড়ি গ্রামের ২১ জন পুরুষ। পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা সংঘটিত আকস্মিক এ গণহত্যায় শহিদ পরিবারের জীবিত সদস্যরা ধাবিত হয় এক অনিশ্চিত জীবনের দিকে। শুরু হয় তাদের সংগ্রামী জীবনেরর পথচলা।
বেন্দলচন্দ্র বর্মন পেশায় ছিলেন একজন গ্রাম্য ডাক্তার। ১৯৭১ সালের ২৩ এপ্রিল তিনি যখন শহিদ হন তখন তার ছিল দু’মেয়ে তিন ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। দেশ শত্রুমুক্ত হওয়ার পর বেন্দল ডাক্তারের স্ত্রী মুলমলি বেওয়া গ্রামে ফিরে এসে শক্ত হাতে সংসারের হাল ধরেন। স্বামীর রেখে যাওয়া কিছু জায়গা-জমি ছিল। সেগুলোতে চাষাবাদ করে জীবনধারণ করতেন এই শহিদ পরিবারের সদস্যরা।
ধর্মনারায়ণের সাথে শহিদ হয় তার এক ছেলে ননীমোহন। বেঁচে ছিলেন ধর্মনারায়ণের স্ত্রী বালাশ্বরী, দু’ছেলে ও দু’মেয়ে। ২৩ এপ্রিল এই শহিদ পরিবারের সদস্যরা ভারতের উদ্দেশে রওনা হন। দেশ শত্রু মুক্ত হওয়ার পর বালাশ্বরী যখন তার সন্তানদের নিয়ে নিজ গ্রামে ফিরে আসেন তখন তাদের ঘরটিও ছিল না। স্বামীর রেখে যাওয়া যে সামান্য জমি ছিল তার মধ্যে এক বিঘা জমি গ্রামে ফিরে এসেই বিক্রি করে দেন। সে টাকায় এক মন ধান কিনেন এবং একটা ঘর তুলেন। এরপর তাদের সংগ্রামী জীবনে কখনও বা তারা পরের জমিতে কাজ করেছেন, কখনও বা মানুষের বাসায় কাজ করেছেন। কিন্তু কখনও কোথাও থেকে কোন সাহায্য পাননি। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী।
অখিল চন্দ্র শর্মা যখন শহিদ হন তখন বেঁচে ছিলেন তার স্ত্রী ললিতা রাণী শর্মা। তার তিন ছেলে। পাকিস্তানি সৈন্যদের হত্যার শিকার এই শহিদ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। এই শহিদ পরিবারের সদস্যরা ভারতে যায়নি।
অখিল চন্দ্র শর্মা শহিদ হওয়ার পর তার বড় সন্তান অন্নদা কুমার সংসারের হাল ধরেন। তিন ভাই মিলে মানুষের জমিতে কাজ করতেন। কখনও কখনও শহিদ অখিল চন্দ্র শর্মার স্ত্রী ললিতা রাণীও মানুষের জমিতে কাজ করতেন।
ননীমোহন যখন শহিদ হন তখন তিনি ছিলেন বিবাহিত। মাত্র ছয় মাস আগে আষাঢ়ীর সাথে বিয়ে হয় ননীমোহনের। ননীমোহন শহিদ হওয়ার পরও আষাঢ়ী প্রায় তিন বছর তার শ্বশুর ধর্ম নারায়ণের বাড়িতেই ছিলেন। এরপর বিন্নাগুড়ির পাশের গ্রাম কানিকাগাঁওয়ের শশিমোহনের সাথে আষাঢ়ীর নিকা হয়।
ক্ষীরণারায়ণের সাথে শহিদ হন তার মেয়ে জামাই নীলকান্ত। ক্ষীরণারায়ণ শহিদ হওয়ার পর তার স্ত্রী পৌশ্বরী চার ছেলে মেয়েকে নিয়ে অকূল পাথারে পড়ে। পৌশ্বরী ও তার সন্তানরা কখনও মানুষের জমিতে কাজ করেছেন, কখনও বা ভিক্ষা করে সংসার চালিয়েছেন। কিন্তু কখনও কারও কাছে কোন সাহায্য পাননি।
(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)



