টাঙ্গাইলের ভূঞাপুরে টাকা ছিনতাই করতে না পেরে সদ্য প্রবাসফেরত এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছে চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্যরা । পরে স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচে যান তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হত্যা চেষ্টার শিকার ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম তালুকদার। তিনি বাহরাইন প্রবাসী। তিনি পৌর শহরের ঘাটান্দি এলাকার আবুল হোসেন তালুকদারের ছেলে।
আজ মঙ্গলবার ১১ জুন দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর সংলগ্ন মোশারফ হোসেন রেখা কমপ্লেক্সর সামনে প্রকাশ্যে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পুকুরপাড়ের আশপাশে অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এতে ওই এলাকায় গ্রুপ ভিত্তিক কিশোর গ্যাংয়ের তৈরি হয়েছে। এসব কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠছে। প্রতিনিয়ত দলের সদস্যরা রাস্তা আটকিয়ে মানুষের সর্বস্ব লুটে নেয়। ওই এলাকায় প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এরআগেও ওই এলাকায় হামলা, ইভটিজিং ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
হামলার শিকার আহত জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, মাদরাসা থেকে ভাতিজাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। এসময় কিশোর গ্যাংয়ের সদস্যদের মোটরসাইকেলগুলো রাস্তার ওপর থেকে সরিয়ে রাখতে বলি। এতে তারা চড়াও হয়ে অকথ্যভাষায় গালিগালাজ করে। এসময় আমার কাছে থাকা ৯০ হাজার টাকা ছিনতাই করার চেষ্টা করে। একপর্যায়ে ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। পরে প্রাণ বাঁচাতে দৌঁড়ে একটি বাসায় আশ্রয় নেই। সেখানেও হামলার করে। পরে লোকজন এগিয়ে আসলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা ।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্ল্যাহ বলেন, ঘটনাটি শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








